ফের হাওড়ার গোলাবাড়িতে শুট আউট, পুলিশের জালে দুই দুষ্কৃতী
কিউ ইন্ডিয়া বাংলা :- কয়েক মাস আগে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার পিলখানায় শুট আউট কাণ্ডে মৃত্যু হয়েছিল প্রোমোটার শফিক খানের। আবারো সেই গোলাবাড়িতে মধ্যরাতে চলল গুলি । পুলিশ ২ দুষ্কৃতিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর হাওড়ার গোলাবাড়ি থানার বিবিরবাগান এলাকায় এই ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাতে মদ খেয়ে আকাশ যাদব ও ভিকির সঙ্গে রাহুল নামে এক যুবকের বচসা হয়েছিল। সেই বচসার সময়েই চালানো হয় গুলি। একাধিক গুলি চলে বলে অভিযোগ। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি। বরাতজোরে রক্ষা পান রাহুল। রাতে এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় কোনও সাধারণ মানুষের গুলি লাগেনি। গুলি চলার আওয়াজ শুনে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় গোলাবাড়ি রাতেই। রাতেই দুষ্কৃতীদের সন্ধানে শুরু হয় পুলিশি অভিযান। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে পুলিশ পাকড়াও করে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কে বা কারা গুলি চালাল? কেন গুলি চালানো হল? সেই নিয়েও ধোঁয়াশা আছে। ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ আছে কি? নাকি মদ্যপানের পর নিতান্ত বচসার থেকে গুলি? একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। প্রসঙ্গত, কিছুদিন আগেই গোলাবাড়ি এলাকাতেই এক প্রোমোটারকে প্রকাশ্য রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছিল! ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল এলাকায়। সামনেই বিধানসভা নির্বাচন। ২৯ এপ্রিল সেখানে ভোট। তার আগেই এই দুষ্কৃতী দৌরাত্ম্য নিয়ে মানুষের মধ্যে চর্চা শুরু হয়েছে।
