তাজপুরে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেলেন দুই চিকিৎসক
কিউ ইন্ডিয়া বাংলা :- গত রবিবার তালসারীর সমুদ্র সৈকতে নেমে শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছিল অভিনেতা রাহুল অরুনোদয় বন্দোপাধ্যায় এর । সেই ঘটনার রেশ এখনো কাটেনি । এরই মধ্যে সমুদ্র সৈকতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । তাজপুর এর সমুদ্রে তলিয়ে গিয়ে মৃত্যু হল দুই চিকিৎসকের । তাদের দেহ উদ্ধার করে ময়না তদন্ত শুরু হয়েছে ।
সূত্রের খবর মৃত দুই চিকিৎসকের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার সোদপুর এলাকার । দুজনের নাম কুন্তল চক্রবর্তী ও শৈলজা ভরদ্বাজ । দুজনের বয়স ৩৫ এর মধ্যে । স্থানীয় সূত্রের খবর বুধবার রাতে তাজপুরের বিশ্ব বাংলার কাছে সমুদ্রে দুটি দেহ ভাসতে দেখা যায়। স্থানীয় মন্দারমনি কোস্টাল থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ দুটি উদ্ধার করে বালিসাই হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন । তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং কিভাবে তাদের মৃত্যু হল ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।
এমনিতেই অভিনেতা রাহুলের মৃত্যু নিয়ে এখনো তরজা চলছে। শুটিংয়ে পর্যাপ্ত নিরাপত্তা ছিল না বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে । এরই মধ্যে তাজপুর সমুদ্রে এই দুই চিকিৎসকের মৃত্যু ঘটায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
