Guinness Book of Record : নীল সমুদ্রের তলায় উন্মোচন বিশাল তেরঙ্গা, গিনেস বুকে আন্দামান !
কিউ ইন্ডিয়া বাংলা :- গভীর সমুদ্রের ভিতরে ভারতের বিশাল জাতীয় পতাকা। ৬০/৪০ মিটারের বিশাল পতাকা উন্মোচন করে গিনেসবুকে বিশ্ব রেকর্ড তৈরি করল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। গতকাল শনিবার দশ রা মে স্বরাজ দ্বীপের রাধানগর সৈকতে নজিরবিহীন এই ঘটনাটি ঘটেছে। অভিনব এই কাজে অংশ নিয়েছিলেন ভারতীয় নৌবাহিনী এবং কোস্ট গার্ড । তাদের সঙ্গী হয়েছিলেন দক্ষ ডুবুরিরা ।
সূত্রের খবর, জলের তলায় পতাকা উন্মোচনের অভিযানে ২০০ জনের বেশি ডুবুরি অংশগ্রহণ করেছিলেন। যাদের মধ্যে তিনজন ছিলেন স্কুল পড়ুয়া । প্রত্যেকের বয়স ১৪ থেকে ১৬ বছরের মধ্যে। স্কুল পড়ুয়াদের নাম ফতেহ জাহান সিং , লাবণ্য ইরা এবং রণবিজয় সিং । সকলে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে গর্বিত । লেফটেন্যান্ট গভর্নর ডিকে জোশি, মুখ্য সচিব চন্দ্রভূষণ কুমার এবং আন্দামানের পুলিশ আধিকারিক এইচএস ঢালী ওয়য়াল এই কাজের জন্য অসীম সাহস ও সমন্বয়ের প্রশংসা করেছেন । শনিবার সকাল ১০ঃ৩৫ মিনিট নাগাদ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এর বিচারক ঋষিনাথ শংসাপত্র তুলে দেন ডিকে জোশির হাতে ।
সমুদ্রের তলায় দেশের জাতীয় পতাকা উন্মোচনের মূল লক্ষ্য ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অ্যাডভেঞ্চার ট্যুরিজম গোটা বিশ্বের সামনে তুলে ধরা । আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গোটা ভারতের জন্য এটি একটি গর্বের মুহূর্ত।
