আজকের দিনেবাংলার আয়না

শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খয়রুল ইসলাম গ্রেফতার, ২০২৩ পঞ্চায়েত হিংসায় নাম জড়িয়ে ছিল তার

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, ভাঙ্গর :- ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক হিংসা মামলায় এবার পুলিশের জালে ভাঙড়ের তৃণমূল নেতা খয়রুল ইসলাম। ভাঙড় ২ নম্বর ব্লকের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এবং সওকত মোল্লা ঘনিষ্ঠ এই নেতাকে রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে গ্রেপ্তার করল উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার যৌথ বাহিনী।

কয়েকদিন আগেই প্রকাশ্যে খয়রুলকে লক্ষ্য করে ডিম ছোড়ে এলাকার মানুষ। শুধু ডিম মারা নয়, তাঁকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিও তোলে স্থানীয়রা। সেই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিলেন তৃণমূলের এই কর্মাধ্যক্ষ। দলের অন্দরে সওকত মোল্লার ঘনিষ্ঠ বলেই পরিচিত খয়রুল।

পুলিশ সূত্রে খবর, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভাঙড়ে ব্যাপক অশান্তি ছড়ায়। সেই সময় কচুয়া এলাকার বাসিন্দা ইসমাইল পাহাড়ির গায়ে গুলি লাগে। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় সরাসরি নাম ছিল খয়রুল ইসলামের। অভিযোগ, নির্বাচনী হিংসায় মদত দেওয়া এবং অস্ত্র ব্যবহারের পিছনে তাঁর হাত ছিল।

রাজনৈতিক পালাবদলের পর ভাঙড় ডিভিশন নতুন করে তৎপর হয়। দীর্ঘদিন ধরে খোঁজ চালানোর পর রবিবার গোপন সূত্রে খবর পেয়ে মুর্শিদাবাদের বহরমপুরে হানা দেয় উত্তর কাশীপুর ও বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। যৌথ অভিযানে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় খয়রুলকে। গ্রেপ্তারির পর তাঁকে ভাঙড়ে নিয়ে আসা হয়েছে।

বর্তমানে খয়রুল ইসলামকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক হিংসা, অস্ত্র আইন সহ একাধিক ধারায় মামলা রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে। সওকত মোল্লা ঘনিষ্ঠ এই নেতার গ্রেপ্তারিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাঙড়ের রাজনীতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *