Accident : চারচাকা গাড়ির সঙ্গে ধাক্কা, যাত্রীসমেত জাতীয় সড়কে একাধিকবার পালটি অটোর !
কিউ ইন্ডিয়া বাংলা :- জাতীয় সড়কের ওপর চারচাকা গাড়ি ও যাত্রীবোঝাই অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ধাক্কা লাগার পরে অটোটি বেশ কয়েকবার পালটি খেয়ে যায়! দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোট দুইজনের। ঘটনায় চারজনের গুরুতর জখম হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর জখম হওয়া ব্যক্তিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে কোচবিহারের রাজারহাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে অটোটির সামনে অংশ ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে। আজ রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, ১৭ নম্বর জাতীয় সড়ক ধরে ওই চারচাকার প্রাইভেট গাড়িটি পুণ্ডিবাড়ি থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল। উলটো দিক থেকে খাগরাবাড়ি থেকে রাজারহাটের দিকে যাত্রীদের নিয়ে ওই অটোটি যাচ্ছিল। দুটি গাড়িই প্রবল গতিতে যাচ্ছিল। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে দুর্ঘটনাটি ঘটে। শেষমুহূর্তে চেষ্টা করলেও ওই সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। বিকট আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে আসেন । অটো থেকে যাত্রীদের উদ্ধার করার সঙ্গে সঙ্গে চার চাকা গাড়ি থাকে আরোহীদের বের করে আনা হয় । মোট ছয়জনকে উদ্ধার করে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করেন এবং বাকি চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে । অটো এবং চার চাকা গাড়িটিকে পুলিশ আটক করেছে ।
