West Bengal Budget 2026: সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ১৮ শতাংশের উপর ২০ শতাংশ বাড়তি ডিএ দেবে সরকার, কবে থেকে মিলবে?
কিউ ইন্ডিয়া বাংলা- রাজ্যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই কিস্তিমাত শাসকদলের। সরকারি কর্মচারীদের জন্য সুখবর। ১৮ শতাংশের উপর ২০ শতাংশ বাড়তি ডিএ দিয়ে মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা মিলবে। সোমবার বাজেট পেশ করে রাজ্য সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পুজোর আগেই তা লাগু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। ১ অক্টোবর, ২০২৬ থেকে এই ডিএ-র অর্থ মিলবে। এর আগে তৃণমূল সরকার থাকাকালীন সরকারি কর্মীদের মহার্ঘভাতা নিয়ে চাপানউতোর হয়েছিল। এবার সরকারের প্রথম বাজেটেই সরকারি কর্মীদের জন্য সুখবর বয়ে নিয়ে এল। কেন্দ্রে সমতুল হারে ডিএ দিতে অস্বীকার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তা নিয়ে আইনি লড়াইও লড়াইও হয়েছিল। বাজেট পেশের পরেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকেই রাজ্যের প্রাক্তন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৬০ শতাংশ হারে ডিএ পেয়ে থাকেন। রাজ্যের এই ঘোষণার পরে এবার রাজ্যের কর্মীদের সঙ্গে মহার্ঘভাতার ফারাক কমে গেল বিরাট হারে।
সোমবার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর ঘোষণা, আগে ১৮ শতাংশ ডিএ-র উপর অতিরিক্ত ২০ শতাংশ মিলবে। মোট ৩৮ শতাংশ মহার্ঘভাতা পাবেন সরকারি কর্মীরা। পুজোর আগেই লাগু হবে, ১ অক্টোবর থেকে। বাড়টি ডিএ-এর টাকা হাতে পাবেন নভেম্বর থেকে। মহার্ঘভাতা প্রাপ্তির বেশ কয়েকটা বিভাগ রয়েছে। এর আওতায় পড়বেন পেনশনভোগীরাও। কিন্তু তাঁরা কত হারে এবং কবে থেকে বকেয়া ডিএ পাবেন, তা এখনও স্পষ্ট নয়।
বাজেটের পর সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা ডিএ-র জন্য আন্দোলন করেছেন, আমিও তার একটা অংশ ছিলাম। আপনাদের আগের সরকার অনেক অপমান করেছে। ৩ থেকে ৪ শতাংশ ডিএ বাড়াতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের ‘ঘেউঘেউ’ বলেছেন। আমরা সেই ডিএ অনেকটা বাড়িয়ে দিলাম। এবার থেকে কেন্দ্রের সঙ্গে আপনাদের ফারাক আর বেশি থাকবে না।”
