Modi-Congress : ‘কংগ্রেসের দুর্নীতির পাঁক থেকে ভারত মুক্ত’ — ১২ বছরের খতিয়ান দিয়ে তোপ মোদির !
কিউ ইন্ডিয়া বাংলা, নয়াদিল্লি :- একটানা ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড গড়েই কংগ্রেসকে তুলোধোনা করলেন নরেন্দ্র মোদি। বুধবার NDA সম্মেলনে তিনি জানালেন, ২০১৪ সালে দেশ ছিল কংগ্রেসের কোটি টাকার দুর্নীতির জালে বন্দি। কিন্তু আজকের ভারত সেই নাগপাশ থেকে সম্পূর্ণ মুক্ত। ১৪০ কোটি মানুষের প্রত্যাশাপূরণেই দিনরাত কাজ করছে তাঁর সরকার।
বুধবার নতুন নজির গড়ার পরই সরাসরি কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, “দুর্নীতির একটা সিস্টেম গড়ে তুলেছিল কংগ্রেস। জালের মতো ছড়িয়েছিল এই সিস্টেম। দেশকে অসহায়তার দিকে ঠেলে দিয়েছিল।”
প্রধানমন্ত্রী মোদির দাবি, গত ১২ বছরে তাঁর সবচেয়ে বড় সাফল্য কংগ্রেস জমানার দুর্নীতি থেকে ভারতকে মুক্ত করা। “সেই দুর্নীতি পেরিয়ে দেশের প্রত্যেকটি মানুষ আজ বিকশিত ভারতের স্বপ্ন দেখছে। এটা কোনও একজন ব্যক্তির স্বপ্ন নয়, গোটা দেশের স্বপ্ন। প্রত্যেকটা মুহূর্ত এই স্বপ্নপূরণের জন্য কাজ করা উচিত।”
প্রধানমন্ত্রী জানান, কংগ্রেস আমলে যাঁরা দারিদ্র্যের শিকার ছিলেন, তাঁদের আর্থিক উন্নতি হয়েছে। “যাঁরা দরিদ্র ছিলেন, এখন নতুন মধ্যবিত্ত হয়েছেন, তাঁদের আর্থিক অবস্থার অবনতি হতে দেব না আমরা। ১৪০ কোটি মানুষ আমাদের উপর যে প্রত্যাশা রেখেছেন, সেটা পূরণ করতে হবে।”
যুবসমাজ, মহিলা, মধ্যবিত্ত ও কৃষকদের আশা বোঝার উপর জোর দেন তিনি। কোভিড অতিমারীর প্রসঙ্গ টেনে মোদি বলেন, বিশ্বের শক্তিশালী দেশগুলির অর্থনীতি ভেঙে পড়লেও ভারত মাথা তুলে দাঁড়িয়েছে। গত অর্থবর্ষেও ভারতের আর্থিক বৃদ্ধি হয়েছে।
রেকর্ড গড়েই কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানালেন মোদি। ১২ বছরের খতিয়ান তুলে ধরে বোঝালেন, দুর্নীতিমুক্ত ভারতই তাঁর সরকারের সবচেয়ে বড় অর্জন। ১৪০ কোটির স্বপ্নপূরণের লক্ষ্যে সরকারের ‘দিনরাত এক করে কাজ’-এর বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বিকশিত ভারতের স্বপ্নকে সামনে রেখেই আগামী দিনের রোডম্যাপ স্পষ্ট করলেন তিনি।
