জি৫-এর চড়া দামে ক্ষুব্ধ ফুটবলপ্রেমী, বিশ্বকাপ দেখাতে আসরে নামল জিও ফ্রি-তে
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- বিশ্বকাপ দেখানো নিয়ে জি৫-এর চড়া দাম ও একের পর এক প্রযুক্তিগত সমস্যায় জেরবার দেশের ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন, বাফারিং, লগইন বিভ্রাটে ক্ষুব্ধ নেটিজেনরা। এই পরিস্থিতিতে বিশ্বকাপ শুরুর মুখেই বড় ঘোষণা জিও-র। জিওফাইবার ও জিও-এয়ারফাইবার গ্রাহকরা এবার বিনামূল্যেই দেখতে পারবেন বিশ্বকাপের সব ম্যাচ।
ভারতে বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে জি এন্টারটেইনমেন্ট। টিভিতে দেখার জন্য তারা চারটি নতুন স্পোর্টস চ্যানেল চালু করেছে- ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি।
ডিজিটাল মাধ্যমে বিশ্বকাপ দেখতে জি৫-এ দু’টি প্ল্যান এনেছে। তিন মাসের প্ল্যান ৭৯৯ টাকা এবং এক বছরের প্ল্যান ১৬৯৯ টাকা। কিন্তু এখানেই শুরু সমস্যার। প্রথমে জি৫ জানায়, একটা লগইনে তিনজন অ্যাকসেস পাবে। বৃহস্পতিবার সকালে হঠাৎ সেই সুবিধা তুলে নেওয়া হয়। নেটিজেনদের তীব্র ক্ষোভের মুখে কয়েক ঘণ্টা পর ফের তিনজনের অ্যাকসেস ফিরিয়ে দেয় জি৫।
সমস্যা আরও বাড়ে পুরনো গ্রাহকদের জন্য। যাদের আগে থেকেই জি৫ সাবস্ক্রিপশন নেওয়া ছিল, বিশ্বকাপ দেখতে তাঁদেরও ফের ৭৯৯ টাকার নতুন প্যাকেজ কিনতে হচ্ছে। তার উপর যোগ হয়েছে বাফারিং ও ভিডিও কোয়ালিটির সমস্যা। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে জি৫।
এই পরিস্থিতিতেই সমাধান নিয়ে হাজির জিও। বিশ্বকাপ শুরুর ঠিক আগে জি-এর সঙ্গে চুক্তি করেছে তারা। জিওফাইবার বা জিও-এয়ারফাইবারের সাবস্ক্রিপশন থাকলে জিওটিভি+ প্ল্যাটফর্মের মাধ্যমে ইউনাইট৮ স্পোর্টসের চারটি চ্যানেলই বিনামূল্যে দেখা যাবে।
যাদের জিও সেট টপ বক্স আছে, তারা সরাসরি জিওটিভি+ অ্যাপে নিজের জিও নম্বর দিয়ে লগইন করলেই বিশ্বকাপের সব ম্যাচ দেখতে পাবেন। আলাদা করে কোনও টাকা লাগবে না। জিওফাইবার বা এয়ারফাইবারের সঙ্গে যেসব ওটিটি প্ল্যাটফর্ম বিনামূল্যে মেলে, সেই তালিকায় এবার যুক্ত হল ইউনাইট৮ স্পোর্টসের চ্যানেলগুলোও।
জি৫-এর চড়া দাম ও যান্ত্রিক গোলযোগে যখন ফুটবলপ্রেমীরা বিরক্ত, তখন জিও-র এই পদক্ষেপ বড় স্বস্তি দেবে। বিশেষ করে যারা বাড়িতে জিওফাইবার বা এয়ারফাইবার ব্যবহার করেন, তাঁদের আর বিশ্বকাপ দেখতে আলাদা করে ৭৯৯ টাকা খরচ করতে হবে না। ফলে শেষ মুহূর্তে জিও-র এই চাল ফুটবলভক্তদের মুখে হাসি ফোটাবে বলেই মনে করা হচ্ছে।
