বৃষ্টির কারণে ইডেনে ম্যাচ পরিত্যক্ত, এক পয়েন্ট নিয়ে খাতা খুলল নাইট রাইডার্স
কিউ ইন্ডিয়া বাংলা:- চলতি আইপিএলে প্রথমবার পয়েন্ট অর্জন করলো কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে বৃষ্টি । যার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। অনেক চেষ্টা করেও শুরু করা যায়নি কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ । গতবছর ২০২৫ এও ইডেনে কলকাতা বনাম পাঞ্জাব ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণে এবারও সেই কাকতলীয় ঘটনা ঘটল।
গতকাল ৬ এপ্রিল এই ম্যাচে ৩.৪ ওভার এর পর বৃষ্টি নামে। তখন কলকাতা নাইট রাইডার্স ব্যাট করছিল তাদের রান ছিল ২ উইকেট হারিয়ে ২৫। তারপর থেকে অনর্গল বৃষ্টি হয়ে গেছে । রাত ১০ টা ৪৫ মিনিটে মাঠ পর্যবেক্ষণে নামেন দুই ফিল্ড আম্পায়ার। পিচের আশেপাশে এবং আউটফিল্ড পরীক্ষা করে দেখা হয়। অন্তত পাঁচ ওভারের ম্যাচ করার প্রাণপণ চেষ্টা করে সিএবি। মাঠে নেমে পড়েন সভাপতি সৌরভ গাঙ্গুলি। তিনি স্বয়ং মাঠ টিপে পর্যবেক্ষণ করেন। তারপর বেশ কিছুক্ষণ পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং সিএবির কোষাধ্যক্ষ সঞ্জয় দাসের সঙ্গে কথা বলতে দেখা যায় রাজ্য ক্রিকেট সংস্থার সভাপতিকে। বৃষ্টির জন্য তিন ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকায় মাত্র ৫ ওভারের ম্যাচ করা সম্ভব ছিল। কিন্তু তার জন্য কাট অফ টাইম ছিল রাত ১১ টা ১৪ মিনিট। তার আগে বৃষ্টি থেমে গিয়েছিল । কিন্তু বৃষ্টির পর খেলা শুরু করতে ৩০ মিনিট সময় লাগে। এদিন সেই সময় নেওয়া হলে কাট অফ টাইম পার হয়ে যেত। সেকারণে দুই দলের অধিনায়ক এর সঙ্গে কথা বলে ম্যাচ পরিত্যক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃষ্টিবিঘ্নিত অবস্থার পর এই ম্যাচ হলে নাইটদের হার নিশ্চিত ছিল। সেখানে জোড়া হারের পর এক পয়েন্ট নিয়ে খাতা খুলল কেকেআর। ম্যাচ পরিত্যক্তের ঘোষণার জন্য রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করতে হলেও, ম্যাচের ভাগ্য লিখন আগে হয়ে গিয়েছিল । অফিসিয়ালি ঘোষণার মিনিট দশেক আগেই দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে দাঁড়িয়ে হাসিঠাট্টা করতে, করমর্দন করতে দেখা যায়। তবে হতাশ কিং খান। তিনি মাঠে প্রবেশের প্রায় সঙ্গে সঙ্গেই বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। তবে যাই হোক বৃষ্টির কারণে হারের হ্যাটট্রিক হওয়া থেকে বাঁচল কেকেআর।
