আজকের দিনেবাংলার আয়না

মুর্শিদাবাদ থেকে ভাটপাড়া, দিকে দিকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ, পুলিশের জালে ৩

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা: বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই রাজ্যের জেলায় জেলায় বাড়ছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়া এবং উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় পৃথক পুলিশি অভিযানে উদ্ধার হলো একাধিক পিস্তল ও জ্যান্ত কার্তুজ। নাকা চেকিং ও গোপন তল্লাশিতে এই সাফল্য পেয়েছে পুলিশ।

 বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে হরিহরপাড়া থানার সদানন্দপুর এলাকায় হানা দেয় পুলিশ। সেখানে সন্দেহভাজন এক যুবককে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃতের নাম জিল্লার শেখ। শুক্রবার তাকে বহরমপুর জেলা আদালতে তুলে ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। নির্বাচনের আগে এই অস্ত্র কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

 অন্যদিকে, উত্তর ২৪ পরগনার ভাটপাড়া এলাকাতেও শুক্রবার ভোরে বড়সড় সাফল্য মিলেছে। গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে পুলিশ দু’টি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকি পাণ্ডাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

 অস্ত্র উদ্ধারের এই চিত্র ধরা পড়েছে নদিয়া জেলাতেও। গত মঙ্গলবার রাতে তাহেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

 ভোটের মুখে বাংলায় শান্তি বজায় রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যজুড়ে নাকা চেকিং ও তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। একের পর এক জেলা থেকে এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগে প্রশাসন। পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা ও স্পর্শকাতর জেলাগুলিতে নজরদারি আরও বাড়ানো হচ্ছে যাতে নির্বাচনের আগে কোনোভাবেই অস্ত্র মজুত করে অশান্তি পাকানো না যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *