আজকের দিনেবাংলার আয়না

কালিয়াচককাণ্ডে গ্রেপ্তার ‘ভাইরাল’ মিম নেতা! কে এই মোফাক্কেরুল ইসলাম?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,মালদহ: কালিয়াচকের হাই-প্রোফাইল অশান্তির ঘটনায় অবশেষে পুলিশের জালে ‘মাস্টারমাইন্ড’ মোফাক্কেরুল ইসলাম। বুধবার বিচারকদের ঘেরাও করার সেই ভাইরাল ভিডিওতে যাকে গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিতে দেখা গিয়েছিল, শুক্রবার সকালে সেই মিম নেতা তথা কলকাতা হাইকোর্টের আইনজীবীকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করল পুলিশ। গোয়েন্দা সূত্রের খবর, পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি বেঙ্গালুরু পালানোর ছক কষেছিলেন।

কে এই মোফাক্কেরুল ইসলাম?

পেশায় আইনজীবী মোফাক্কেরুল ইসলাম উত্তর দিনাজপুরের ইটাহারের বাসিন্দা। ২০২১-এর বিধানসভা নির্বাচনে তিনি মিমের প্রার্থী হয়েছিলেন। রাজনীতির পাশাপাশি আইনি মহলে, বিশেষ করে কলকাতা হাইকোর্টে তাঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা কয়েক লক্ষ। পুলিশের দাবি, বুধবার কালিয়াচকে ভোটার তালিকা নিয়ে যে জনরোষ তৈরি হয়েছিল, তার মূলে ছিল মোফাক্কেরুলের উস্কানিমূলক ভাষণ। কালিয়াচকের তিনটি পৃথক মামলায় তাঁর নাম রয়েছে।

গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টা আগে পর্যন্তও অত্যন্ত চতুরতার সঙ্গে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এই আইনজীবী। গত কয়েকদিন ধরে তিনি কখনও তেলঙ্গানা, কখনও তামিলনাড়ু বা পাঞ্জাবের আদালতের ছবি ও ভিডিও পোস্ট করছিলেন। এমনকি একটি ভিডিওতে তিনি দাবি করেছিলেন যে তিনি কেরালা যাচ্ছেন। কিন্তু আদতে তিনি বাগডোগরা হয়ে পালানোর চেষ্টা করছিলেন। শুক্রবার সকালে নিজের গ্রেপ্তারের খবরটি তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় প্রথম শেয়ার করেন।

বৃহস্পতিবারই দক্ষিণ দিনাজপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালিয়াচকের ঘটনার জন্য হায়দরাবাদের দল মিম-কে সরাসরি কাঠগড়ায় তুলেছিলেন। সম্প্রতি মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি বাংলা ঘুরে যাওয়ার পর থেকেই মালদহ ও মুর্শিদাবাদে দলের তৎপরতা বেড়েছে। এবার মোফাক্কেরুল নিজে প্রার্থী না হলেও, নেপথ্যে থেকে তিনি সংগঠন পরিচালনা করছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

 ইটাহারের বাসিন্দা হওয়া সত্ত্বেও কেন তিনি সেদিন মালদহের কালিয়াচকে উপস্থিত ছিলেন এবং কার নির্দেশে সেখানে উত্তজনা ছড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে বিচারকদের আটকে রাখার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্র ফাঁস করতে মরিয়া তদন্তকারীরা।

ভোটের মুখে এই প্রভাবশালী মিম নেতার গ্রেপ্তারিতে মালদহ তথা উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ যে আরও তপ্ত হবে, তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *