জয়পুরে মালদহের পরিযায়ী শ্রমিককে ‘অ্যাসিড দিয়ে পুড়িয়ে’ খুন,
কিউ ইন্ডিয়া বাংলা,মালদহ: ভোটমুখী বাংলায় যখন রাজনৈতিক উত্তাপ তুঙ্গে, তখন বিজেপি শাসিত রাজস্থান থেকে এল এক মর্মান্তিক খবর। জয়পুরে কাজ করতে যাওয়া মালদহের হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিককে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। পরিবারের দাবি, শুধুমাত্র ‘বাংলা ভাষায়’ কথা বলার অপরাধে ৩৫ বছর বয়সি ওই যুবককে অ্যাসিড দিয়ে পুড়িয়ে খুন করে বস্তাবন্দি অবস্থায় ফেলে রাখা হয়েছিল।
মৃত যুবকের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের ভিঙ্গোল গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভাবের তাড়নায় মাস দেড়েক আগে স্ত্রী ও দুই নাবালক সন্তানকে নিয়ে জয়পুরে গিয়েছিলেন তিনি। সেখানে প্লাস্টিক কুড়ানোর কাজ করতেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ভোটের আগে গ্রামে ফেরার কথা ছিল তাঁদের। বুধবার সন্ধ্যায় ট্রেনের টিকিট কাটতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি মন্দিরের কাছ থেকে তাঁর ক্ষতবিক্ষত ও বস্তাবন্দি দেহ উদ্ধার করে জয়পুর পুলিশ।
মৃতের বাবার অভিযোগ, তাঁর ছেলেকে অত্যন্ত পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিবারের দাবি, ভিন রাজ্যে বাংলা ভাষায় কথা বলা এবং বাঙালি পরিচয়ের কারণেই তাঁকে টার্গেট করেছে স্থানীয় দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুই নাবালক সন্তান ও স্ত্রীকে নিয়ে এখন অথৈ জলে ওই শ্রমিকের পরিবার।
খবর পেয়েই শোকাতপ্ত পরিবারের পাশে দাঁড়াতে ভিঙ্গোলে পৌঁছান হরিশ্চন্দ্রপুরের সিপিআইএম প্রার্থী শেখ খলিল। তিনি পরিজনদের সমবেদনা জানান এবং জয়পুর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেহ রাজ্যে ফিরিয়ে আনার আশ্বাস দেন। পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন তুলে দিল এই ঘটনা। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে কেন বারবার বাংলার শ্রমিকদের এভাবে প্রাণ হারাতে হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে সাধারণ মানুষ। জয়পুর পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও এখনও পর্যন্ত এই খুনের নেপথ্যে থাকা মূল অভিযুক্তদের গ্রেফতারি নিয়ে কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
