আজকের দিনেভারত

বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে বিস্ফোরণ: ইস্পাতে ঝলসে মৃত ৮ শ্রমিক

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, বিশাখাপত্তনম :- অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্টে সোমবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনা। ব্লাস্ট ফার্নেস থেকে তরল ইস্পাত সরানোর সময় ল্যাডলে আচমকা বিস্ফোরণ ঘটে চারদিকে ছিটকে পড়ে ফুটন্ত গলিত লোহা। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৮ জন শ্রমিকের। দেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা যাচ্ছে না। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে লড়ছেন আরও অনেকে।

গতকাল, ৮ জুন সোমবার দুপুরে প্ল্যান্টের ব্লাস্ট ফার্নেস থেকে গলিত স্টিল ভর্তি ল্যাডল সরানোর সময় প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, পালানোর সুযোগ পাননি কর্মরত শ্রমিকরা। ছিটকে পড়া তরল ইস্পাতের আগুনে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। আহত ও দগ্ধদের দ্রুত স্থানীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত সংকটজনক। খবর পেয়েই প্ল্যান্টের উদ্ধারকারী দল ও দমকলের একাধিক ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। ঘটনার পর প্ল্যান্টের আধিকারিক ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিক অনুমান, ল্যাডলের প্রযুক্তিগত ত্রুটি বা অতিরিক্ত চাপই বিস্ফোরণের কারণ। কর্তৃপক্ষ মৃত ও আহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। আপাতত প্ল্যান্টের উৎপাদন বন্ধ। এদিকে দুর্ঘটনার পর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছে শ্রমিক সংগঠনগুলি।

৮টি তাজা প্রাণের এই মর্মান্তিক পরিণতি ফের প্রশ্ন তুলল কারখানার নিরাপত্তা নিয়ে। তদন্ত আর ক্ষতিপূরণ হবে, কিন্তু যে শূন্যতা তৈরি হল তা পূরণ হওয়ার নয়। নিরাপত্তা শুধু কাগজে নয়, কার্যক্ষেত্রে নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *