আজকের দিনেবাংলার আয়না

ভিড় ঠেকাতে হাওড়া স্টেশনে নতুন নিয়ম: ঢোকার রাস্তা একটাই, বেরনোর রাস্তা আলাদা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হাওড়া :- যাত্রী সুবিধা ও নিরাপত্তা বাড়াতে হাওড়া স্টেশনে বড় বদল আনল পূর্ব রেল। এবার থেকে স্টেশনে ঢুকতে হবে সাউথ গেট দিয়ে, আর বেরোতে হবে নর্থ গেট দিয়ে। প্রতিদিন ৬ লক্ষের বেশি যাত্রীর চাপ সামলাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মূলত,হাওড়া স্টেশনে প্রতিদিন বিপুল ভিড়ের কারণে প্রায়ই বিশৃঙ্খলা তৈরি হয়। সেই সমস্যা কমাতে রিভার ফ্রন্ট এলাকার সাউথ গেটকে শুধুমাত্র প্রবেশদ্বার ও নর্থ গেটকে শুধুমাত্র প্রস্থানদ্বার হিসেবে চালু করা হয়েছে।

হাওড়ার ডিআরএম বিশাল কাপুর জানান, কলকাতা থেকে বাস বা ট্যাক্সিতে আসা যাত্রীরা সরাসরি সাউথ গেট দিয়ে স্টেশনে ঢুকতে পারবেন। স্টেশন থেকে বেরনোর সময় নর্থ গেট ব্যবহার করলে সামনেই মিলবে ট্যাক্সি পিক-আপ স্ট্যান্ড। এতে যাতায়াত সহজ হবে বলে দাবি রেলের।

এর পাশাপাশি ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মের জন্য বিকল্প পথ তৈরির কাজ চলছে। গঙ্গার লঞ্চঘাটমুখী সাবওয়ের ব্যবহার বাড়িয়ে রাস্তার যানজট কমানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। বাসস্ট্যান্ডে যাওয়ার সাবওয়েতেও বদল আসতে পারে।

রেলের বক্তব্য, নির্দিষ্ট একটি গেট দিয়ে যাত্রী প্রবেশ করালে নিরাপত্তা যাচাই সহজ হবে। যাত্রীদের ট্রেন ধরার জন্য হাতে অতিরিক্ত সময় নিয়ে স্টেশনে পৌঁছনোর পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন নিয়ম নিয়ে যাত্রীদের মিশ্র প্রতিক্রিয়া। অনেকে সিদ্ধান্তকে স্বাগত জানালেও, বেশিরভাগের অভিযোগ আগে থেকে পর্যাপ্ত প্রচার করা হয়নি। তবে রেলের দাবি, দৈনিক ৬ লক্ষ যাত্রীর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এই বদল জরুরি ছিল। প্রথম দিকে অসুবিধা হলেও, অভ্যস্ত হয়ে গেলে ভিড় ও বিশৃঙ্খলা অনেকটাই কমবে বলে আশা করছে পূর্ব রেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *