SUNDARBAN :সুন্দরবনের ট্রলার থেকে অস্ত্র উদ্ধারকাণ্ডে নতুন মোড়, গ্রেফতার আরও ১, মোট ধৃত ৫
কিউ ইন্ডিয়া বাংলা, নিজস্ব প্রতিনিধি:- সুন্দরবনের বাঘমারা জঙ্গল সংলগ্ন এলাকায় ট্রলার থেকে বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় (SUNDARBAN) নতুন মোড়। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে কোস্টাল থানার পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। এর ফলে এই কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ।
গত ২৪ জুলাই শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে নদীতে ট্রলার ধাওয়া করে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ চারজনকে গ্রেফতার করে কোস্টাল থানার পুলিশ (SUNDARBAN) । ধৃতদের নাম গোলাম মোল্লা, বনমালি মণ্ডল, বাবুসোনা দাস ও অসিত। সেদিনই তাদের আদালতে তোলা হলে আদালত তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য(SUNDARBAN) । ধৃত গোলাম মোল্লা ও অন্যান্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন এই অস্ত্র পাচার চক্রে আরও একজন জড়িত। সেই সূত্র ধরেই শুক্রবার রাতেই ইউসুফ নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
তদন্তে জানা গিয়েছে, ২০ জুলাই ইউসুফ ঝড়খালি কোস্টাল এলাকায় এসে একটি হোটেলে ওঠে। এরপর একটি গাড়িতে করে অস্ত্র নিয়ে এসে তা সুন্দরবনের নদীতে থাকা ট্রলারে তোলা হয়। অস্ত্র পাচারের কাজে ব্যবহার করা ওই গাড়িটিও পুলিশ ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে।
পুলিশের প্রাথমিক অনুমান, এই অস্ত্রগুলি সুন্দরবন হয়ে অন্য রাজ্যে পাচারের পরিকল্পনা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস এবং পাচারের গন্তব্য সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করছে তদন্তকারীরা। ধৃত ইউসুফ-সহ আগে গ্রেফতার হওয়া ৪ জনকে ফের ৬ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তোলা হবে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।
সুন্দরবনের মতো সংবেদনশীল সীমান্তবর্তী এলাকায় এত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসন ও গোয়েন্দাদের। অস্ত্রগুলি কোথা থেকে এসেছিল এবং কার হাতে যাওয়ার কথা ছিল তা জানতেই এখন জোরদার তদন্ত চলছে।
