CHINA-INDIA: সম্পর্কের শৈত্য কাটছে ভারত-চিনের! ৬ বছর পর আগস্টেই খুলছে নাথু-লা, ফের শুরু সীমান্ত বাণিজ্য
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ৬ বছর বন্ধ থাকার পর ফের খুলতে চলেছে সিকিমের নাথু-লা গিরিপথ (CHINA-INDIA)। ভারত-চিন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আগস্টেই এই প্রাচীন সিল্ক রুট দিয়ে সীমান্ত বাণিজ্য শুরু হওয়ার প্রস্তুতি নিয়েছে দুই দেশ। কূটনৈতিক বৈঠকের পর সীমান্তে জোরকদমে কাজও শুরু হয়ে গিয়েছে।
২০০৬ সালের ৬ জুলাই সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা নিয়ে নাথু-লা দিয়ে বাণিজ্য চালু হয়েছিল(CHINA-INDIA)। কিন্তু ২০২০ সালে কোভিডের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার ২০২৫ সালের আগস্টে NSA অজিত ডোভাল ও চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র ‘বিশেষ প্রতিনিধি’ বৈঠকে নাথু-লা, শিপকি-লা ও লিপুলেখ দিয়ে বাণিজ্য পুনরুদ্ধারে সমঝোতা হয়। তারপরই তৎপরতা বেড়েছে। ২০২৬ সালের ২৭ জুলাই বিদেশ সচিব বিক্রম মিশ্রি চিন সফরে গিয়ে উপমন্ত্রী সান হাইয়ানের সঙ্গে বৈঠক করেন (CHINA-INDIA)। এরপরই নাথু-লা পর্যন্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু।
কী কী উন্নয়ন হচ্ছে:
– রেল: ৪৫ কিমি সেভক-রংপো প্রকল্পের কাজ শেষের পথে। রংপো-গ্যাংটক অংশের ‘ফাইনাল লোকেশন সার্ভে’ শেষ। এবার গ্যাংটক থেকে নাথু-লা পর্যন্ত রেল সম্প্রসারণের সার্ভে চলছে।
– সড়ক: রংলি-মেনলা সড়ক নির্মাণ করছে NHIDCL। ১০ নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসেবে NH-717 তৈরির কাজও চলছে। কেন্দ্র সম্প্রতি এই সড়ক উন্নত করতে ৭৭০ কোটি টাকা বরাদ্দ করেছে।
নাথু-লা দিয়ে প্রতি বছর মে থেকে নভেম্বর পর্যন্ত ৬ মাস বাণিজ্য চলে। তিব্বত থেকে কাঁচা রেশম, পশম, ইয়াকের লোম ও মাটির সামগ্রী আসে এই পথে। এই বাণিজ্যের উপর নির্ভরশীল প্রায় ৬০০ ভারতীয় ব্যবসায়ী সংস্থা ও সিকিমের বহু পরিবহন কর্মী।
পরিসংখ্যান বলছে, ২০১৬ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ৮২.৬৮ কোটি টাকা। ডোকলাম অচলাবস্থার পর ২০১৭ সালে তা কমে ৮.৮৬ কোটি হয়। ২০১৯ সালে ছিল ৪৩.৫১ কোটি। তুলনায় ২০২৫-২৬ সালে ভারত-চিনের মোট বাণিজ্য ১৫১.১ বিলিয়ন ডলার, যেখানে ঘাটতি ১০ বিলিয়নের বেশি।
আর্থিক বিচারে অঙ্কটা ছোট হলেও কূটনৈতিক ও স্থানীয় স্তরে নাথু-লা খোলার গুরুত্ব অনেক বেশি। ৬ বছর পর সীমান্ত বাণিজ্য ফের চালু হলে সিকিমের অর্থনীতি ও ভারত-চিন সম্পর্ক দুই-ই নতুন গতি পাবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
