আজকের দিনেবাংলার আয়না

​ এবার ওএমআর শিট বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, নন্দীগ্রামঃ বিগত সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগ ঘিরে যে দুর্নীতির পাহাড় তৈরি হয়েছিল, সেই কলঙ্ক মুছে প্রশাসনে ১০০ শতাংশ স্বচ্ছতা আনতে এবার বড়সড় পদক্ষেপ করল নতুন রাজ্য সরকার। সোমবার নন্দীগ্রামে একটি ‘জনকল্যাণ শিবির’-এর উদ্বোধন করতে গিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরীক্ষার্থীদের স্বার্থে এই ঐতিহাসিক ঘোষণাটি করেন।
​মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ‘‘সরকারি চাকরির পরীক্ষায় যত নম্বরের উত্তর লিখবেন, সেই ওএমআর শিট  এবার থেকে পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন।” নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি ও জালিয়াতি আটকাতেই যে এই কড়া ও যুগান্তকারী সিদ্ধান্ত, তা আর বলার অপেক্ষা রাখে না।

মৌখিক পরীক্ষার নম্বর কমানোর ইঙ্গিত
​শুধুমাত্র ওএমআর শিট পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়াই নয়, নিয়োগে স্বজনপোষণ এবং প্রভাবশালীদের হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির মূল্যায়ন পদ্ধতিতেও বড় বদল আনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। সোমবারের সভা থেকে তিনি জানান, এবার থেকে লিখিত মূল্যায়নের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে এবং ইন্টারভিউ বা মৌখিক পরীক্ষার নম্বর যথাসম্ভব কমিয়ে আনা হবে। এর ফলে শুধুমাত্র মেধার ভিত্তিতেই যোগ্য প্রার্থীরা চাকরি পাবেন বলে আশাপ্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

ওএমআর দুর্নীতি রুখতেই এই মাস্টারস্ট্রোক
​উল্লেখ্য, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে পুরসভার নিয়োগ— বিগত তৃণমূল জমানার যাবতীয় দুর্নীতির উৎসই ছিল ওএমআর শিট কারচুপি। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করে বা সার্ভারে নম্বর বাড়িয়ে দিয়ে দেদার ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, যা পরবর্তীকালে আদালতের নথিতেও প্রমাণিত হয়েছে। এই জালিয়াতির রাস্তা চিরতরে বন্ধ করতেই গোড়া থেকে কোমর বেঁধে নেমেছে নতুন সরকার।
​গত মাসে শিয়ালদহের একটি রোজগার মেলা থেকেও শুভেন্দু অধিকারী এই বিষয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, “এতদিন ওএমআর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি দেওয়া হতো না। স্বজনপোষণ ও দুর্নীতির উৎপত্তি এখান থেকেই। এবার থেকে কার্বন কপি দেওয়া উচিত।” সেই প্রতিশ্রুতি রক্ষা করেই সোমবার নন্দীগ্রামের মাটি থেকে ওএমআর শিট পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যাওয়ার ছাড়পত্র দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
​রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর ধাপে ধাপে যেভাবে দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার লক্ষ্যে একের পর এক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণা তাতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অধ্যায় যোগ করল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *