Election-Experts : স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটদান। কী বলছেন বিশেষজ্ঞরা ?
কিউ ইন্ডিয়া বাংলা:- এস আই আর-এর পর বঙ্গে ভোটের সুনামি। পরিসংখ্যান বলছে ,স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হল এবারের বিধানসভা নির্বাচনে । ভোট পড়েছে ৯২.৩৫ শতাংশ। ৯৬ শতাংশ বা তার বেশি ভোট পড়ল ১০টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেল পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোটদানের স্বাক্ষী হল পশ্চিমবঙ্গে।
স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে রেকর্ড ভোটদান। প্রথম দফায় ভোট পড়েছে ৯২ শতাংশেরও বেশি। সবচেয়ে বেশি ভোট কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। ভগবানগোলা, রঘুনাথগঞ্জে ভোট পড়ল প্রায় ৯৭ শতাংশ। ২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার সময় ভোট পড়েছিল ৮৪ শতাংশ। এবার ভোট পড়ল ৮৪ ছাপিয়ে আরও ৮ শতাংশের বেশি। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে। সেখানে ভোটের হার ৯৫ শতাংশেরও বেশি। তারপরেই রয়েছে, বীরভূম ও জলপাইগুড়ি। যেখানে ভোট পড়েছে ৯৪ শতাশের বেশি। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে ৯৩ শতাংশের বেশি। প্রায় ৯২ শতাংশ ভোট পড়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় পড়েছে ৯০ থেকে ৯১ শতাংশ ভোট।
বিশেষজ্ঞদের একাংশের মতে এই রেকর্ড ভোট পড়ার বিভিন্ন কারণ থাকতে পারে। এসআইআর-এর পর এবার প্রথম ভোট। তাই ভোট দিতে না দিলে পরে নাম কাটা যেতে পারে, সেই আশঙ্কায় দলে দলে মানুষ ভোট দিতে বের হয়েছেন। দ্বিতীয়ত দেশের বিগত দিনের ইতিহাস অনুযায়ী প্রচুর ভোট পড়ার অর্থ হতে পারে তুমুল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। অর্থাৎ শাসকের বিরুদ্ধে ক্ষোভ। তৃতীয়ত এবার যেহেতু SIR-এর ফলে ভোটার তালিকা একেবারে স্বচ্ছ হয়েছে, কোনও মৃত বা ডুপ্লিকেট ভোটার থাকার সুযোগ নেই, তাই মানুষ নিজের অধিকার প্রয়োগে সকাল থেকেই বুথমুখী হয়েছে।
কমিশন সূত্রে খবর, ২০১১ সালে যেবার ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, সেই বছর বিধানসভা নির্বাচনে ভোট পড়েছিল ৮৪.৭২ শতাংশ। পশ্চিমবঙ্গে ৮২.২২ শতাংশ ভোট পড়ে ২০১৪-এর লোকসভা নির্বাচনে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল ৮৩.০২ শতাংশ। পশ্চিমবঙ্গে ৮১.৭৬ শতাংশ ভোট পড়ে ২০১৯-এর লোকসভা নির্বাচনে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল ৮২.৩০ শতাংশ। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোটদানের হার ছিল ৭৯.৫৫ শতাংশের বেশি।
রাজ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হয়েছে ১৫২ টি বিধানসভা আসনে । শেষপর্যন্ত ভোট পড়েছে ৯২.৩৫ শতাংশ । যা পশ্চিমবঙ্গের ইতিহাসে রেকর্ড।
