ED RAID : প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ গ্রেপ্তারের পরদিনই ফের অ্যাকশনে ইডি, কলকাতায় ৬ ঠিকানায় তল্লাশি
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- প্রাক্তন তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ ব্যবসায়ী গ্রেপ্তারের পরদিনই ফের অ্যাকশনে ইডি (ED RAID)। বুধবার সাত সকালে কলকাতার ৬ জায়গায় একযোগে তল্লাশি শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এএমপি চিটফান্ড প্রতারণা মামলায় এই অভিযান চলছে বলে সূত্রের খবর। একই সঙ্গে ইন্দোরের ১৭টি জায়গাতেও তল্লাশি চলছে।
এ দিন সকালে তদন্তকারীরা প্রথমে পৌঁছে যান নারকেলডাঙা এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে (ED RAID)। ইডি সূত্রে খবর, একটি নির্মাণ সংস্থার ডিরেক্টর এবং বিনিয়োগকারীদের ঠিকানায় তল্লাশি চলছে (ED RAID)।
শুধু নারকেলডাঙা নয়, নেতাজিনগর, রবীন্দ্র সরোবর-সহ আরও পাঁচটি ভিন্ন ঠিকানায় হানা দিয়েছে ইডি। তদন্তকারীদের দাবি, চিটফান্ডের নামে তোলা কালো টাকা ওই ব্যবসায়ীর হাত থেকেই সাদা করার চেষ্টা হয়েছিল।
ইডি মারফত জানা গিয়েছে, এপিএম নামে একটি চিটফান্ড সংস্থার টাকা নয়ছয় করে নির্মাণ ব্যবসায় খাটানো হয়েছে এবং একের পর এক বেআইনি নির্মাণ করা হয়েছে। এই ব্যবসায়ীরাই কালো টাকা সাদা করার লিঙ্কম্যান হিসেবে কাজ করছেন বলে মনে করছে কেন্দ্রীয় সংস্থা। ইসিআইআর তৈরির পরই এই তল্লাশি অভিযান।
প্রসঙ্গত, মঙ্গলবারই জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের ঘনিষ্ঠ ব্যবসায়ী অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে ইডি। দক্ষিণ কলকাতায় জমি দখল করে আবাসন তৈরির অভিযোগ রয়েছে তাঁর সংস্থার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
