জ্বালানি ও খরচ বাঁচাতে বিলাসবহুল গাড়ি ছেড়ে বাসে চড়ে মুখ্যমন্ত্রীর বৈঠকে জেলাশাসক-বিডিওরা
কিউ ইন্ডিয়া বাংলা, পুরুলিয়া: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বান এবং রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়ালের নির্দেশিকাকে অক্ষরে অক্ষরে পালন করে নজির গড়ল পুরুলিয়া জেলা প্রশাসন। আজ, বৃহস্পতিবার দুর্গাপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডাকা হাইভোল্টেজ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে কোনো বিলাসবহুল সরকারি গাড়ি নয়, বরং একসঙ্গে বাসে চড়ে রওনা দিলেন জেলাশাসক থেকে শুরু করে বিডিওরা। প্রশাসনিক খরচ এবং জ্বালানি বাঁচাতে জেলা স্তরের আমলাদের এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে ওয়াকিবহাল মহল।
২ টি বাসে সওয়ার জেলাশাসক থেকে বিডিও
সম্প্রতি কলকাতায় বিধায়কদের বিধানসভায় বাসে চড়ে আসতে দেখা গিয়েছিল। এবার সেই একই ছবি দেখা গেল জেলা স্তরেও। এদিন সকাল পৌনে ১০টা নাগাদ পুরুলিয়া জেলা প্রশাসনিক ভবন থেকে দুটি বাসে চড়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন জেলাশাসক সুধীর কোন্থম, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক এবং বিভিন্ন ব্লকের বিডিওরা। অন্যদিকে, জেলা পুলিশের আধিকারিকরাও তাঁদের গাড়ির সংখ্যা একধাক্কায় অনেকটাই কমিয়ে যৌথভাবে মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে রওনা দেন।
এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে পুরুলিয়ার জেলাশাসক সুধীর কোন্থম জানান: “প্রধানমন্ত্রী দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন জ্বালানির খরচ কমাতে হবে। যাতায়াতে গণপরিবহনকে অগ্রাধিকার দিতে বলেছেন। তাছাড়া রাজ্যেরও নির্দেশ রয়েছে সরকারি গাড়ির ব্যবহার কমানোর। আমরা সেই নির্দেশ মেনেই বাসে চড়ে দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর উন্নয়ন বৈঠকে যোগ দিতে যাচ্ছি। আমাদের এই কাজের মধ্য দিয়ে রাজ্যের নির্দেশ পালন করা যেমন হচ্ছে, তেমনই প্রধানমন্ত্রীর বার্তাকেও একেবারে নিচুস্তরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
দুর্গাপুরে মুখ্যমন্ত্রীর মেগা বৈঠক: ফোকাসে পশ্চিমাঞ্চলের ৫ জেলা
আজ দুপুর দুটো নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে পশ্চিমাঞ্চলের ৫টি জেলাকে নিয়ে পর্যালোচনা ও উন্নয়ন বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা বৈঠকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম— এই ৫ জেলার সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা উপস্থিত থাকছেন। বিডিও, ওসি, আইসি-দের পাশাপাশি বৈঠকে যোগ দিচ্ছেন এই অঞ্চলের বিধায়ক ও সাংসদরাও। লোকসভা ও বিধানসভা স্তরের একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক সিদ্ধান্ত এই বৈঠক থেকে নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
খরচ কমাতে মুখ্যসচিবের কড়া নির্দেশ, তৈরি হচ্ছে ‘অ্যাকশন প্ল্যান’
চলতি মাসের ১৮ তারিখ রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল সমস্ত জেলার প্রশাসনকে সরকারি গাড়ির ব্যবহার কমিয়ে যথেচ্ছ যাতায়াত বন্ধের নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনিক খরচ কমানোর লক্ষ্যে মোট ৭ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন।
-
অ্যাকশন প্ল্যান: এই নির্দেশিকার প্রেক্ষিতে ২০২৬-২৭ আর্থিক বছরে তাৎক্ষণিক, মধ্যবর্তী এবং দীর্ঘমেয়াদি অ্যাকশন প্ল্যান তৈরি করতে বলা হয়েছে প্রতিটি জেলা প্রশাসনকে।
-
ডেডলাইন: আগামীকাল, শুক্রবারের মধ্যেই এই অ্যাকশন প্ল্যান রিপোর্ট মুখ্যসচিবের দপ্তরে জমা দিতে হবে।
-
নিয়মিত নজরদারি: আগামী ১ জুলাই থেকে প্রতি মাসে এই সংক্রান্ত কাজের অগ্রগতি ও খরচের রিপোর্ট নিয়মিত পাঠাতে হবে মুখ্যসচিবের কাছে।
প্রধানমন্ত্রীর বার্তা এবং রাজ্যের প্রশাসনিক নির্দেশকে মিলিয়ে দিয়ে পুরুলিয়া জেলা প্রশাসন যে দৃষ্টান্ত স্থাপন করল, তা সাধারণ মানুষের জনজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে এবং অপচয় রোধে অন্যান্য জেলাকেও উদ্বুদ্ধ করবে বলে আশা করা হচ্ছে।
