আজকের দিনেবিশ্ব

Iran-War : যুদ্ধ প্রস্তুতির নতুন পন্থা ইরানের, মহিলাদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে তেহরান !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:-আমেরিকার সঙ্গে সম্ভাব্য যুদ্ধের আগে দেশের নাগরিকদের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ইরান। প্রথম সারিতে রয়েছেন মহিলারাও। যুদ্ধের ময়দানে লড়াইয়ের জন্য দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। আপাতত ইরান ও আমেরিকার মধ্যে সংঘর্ষবিরতি চললেও, যে কোনও মুহূর্তে পরিস্থিতি গুরুতর আকার নিতে পারে বলে আশঙ্কা।

আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে যুদ্ধ প্রস্তুতিতে নতুন কৌশল নিয়েছে ইরান। সূত্রের খবর, তরুণ, বৃদ্ধ, মহিলা—বয়স ও লিঙ্গ নির্বিশেষে সবার হাতে তুলে দেওয়া হচ্ছে অস্ত্র। চলছে রাতভর সামরিক প্রশিক্ষণ। জানা গিয়েছে, তেহরানের ভানাক স্কোয়ারে নাবালিকা, কিশোরী এবং তরুণীদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষবিরতির মধ্যেই আমেরিকার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান। সূত্রের খবর, বর্তমান পরিস্থিতিতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছে, এই আলোচনার মূল বিষয় ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের পরবর্তী রণকৌশল। জানা গিয়েছে, নেতানিয়াহু বারবার ইরানের পারমাণবিক কর্মসূচিকে হুমকি হিসেবে তুলে ধরেছেন এবং কড়া অবস্থানের পক্ষে সওয়াল করেছেন।

সম্প্রতি ইরানের সংবাদমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে এক যুবককে সংযুক্ত আরব আমিরশাহীর পতাকার দিকে অস্ত্র দিয়ে গুলি চালাতে দেখা গিয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি কিউ ইন্ডিয়া বাংলা। সূত্রের খবর, গত কয়েক সপ্তাহে রাজধানী তেহরান-সহ ইরানের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ ‘রাত্রিকালীন সমাবেশে’ যোগ দিয়েছেন।

প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল ‘আমেরিকার মৃত্যু হোক’। তাঁরা অস্ত্র চালানোরও প্রশিক্ষণ নিয়েছেন। এক ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের বিভিন্ন স্থানে সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের মতে, সংঘর্ষবিরতি থাকলেও আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের জন্য মাঠে নেমে প্রস্তুতি নিচ্ছে ইরান। এই প্রস্তুতিতে নারীদের সামনের সারিতে রাখা তেহরানের নতুন যুদ্ধকৌশলেরই অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *