সব্জিতেই লুকিয়ে রোগের জীবাণু ! বর্ষায় সুস্থ থাকতে আজই বাদ দিন এগুলো
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: বর্ষার আগমনে চারিদিক যেমন সবুজ ও সতেজ হয়ে ওঠে, তেমনই বাজারেও দেখা মেলে হরেক রকমের টাটকা সব্জির। তবে প্রকৃতির এই রূপ বদলের সাথে সাথেই কিন্তু আমাদের পেটের রোগ এবং সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। বর্ষাকালের অতিরিক্ত আর্দ্রতা বা গুমোট ভাব বিভিন্ন ক্ষতিকর জীবাণুর বংশবৃদ্ধির জন্য একদম আদর্শ পরিবেশ তৈরি করে। এর ফলে সব্জিতেও দূষণ বৃদ্ধির আশঙ্কা বহুল পরিমাণে থাকে এবং খাবারে ই কোলাই বা সালমোনেল্লার মতো ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে।
অনেক সময় ঘরে তৈরি সব্জির তরকারি খেয়েও মানুষ মারাত্মক পেটের সংক্রমণে ভোগেন। তাই বর্ষার দিনগুলিতে শরীর সুস্থ রাখতে কোন কোন শাকসব্জি থেকে দূরে থাকা জরুরি এবং কীভাবেই বা সাবধানতা অবলম্বন করবেন, তা জেনে নিন—
বর্ষায় যে সব্জিগুলি এড়িয়ে চলাই মঙ্গল
বিভিন্ন ধরনের শাকপাতা:
বর্ষাকালে যে কোনও ধরনের শাক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। শাকের পাতার খাঁজে খাঁজে ক্ষতিকর পোকামাকড় এবং অদৃশ্য জীবাণু লুকিয়ে থাকতে পারে। এছাড়া বর্ষার জমা জল শাকে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটায় এবং শাকে কাদা লেগে থাকার প্রবণতা বেশি থাকে। যদি খেতেই হয়, তবে তা খুব ভালো করে ধুয়ে ও সেদ্ধ করে রান্না করা উচিত। কাঁচা সালাদ হিসেবে তো একেবারেই খাবেন না।
কপি জাতীয় সব্জি (বাঁধাকপি ও ফুলকপি):
আজকাল প্রযুক্তির কল্যাণে বাঁধাকপি ও ফুলকপি সারাবছর পাওয়া গেলেও বর্ষার মরশুমে এগুলি পাতে না রাখাই ভালো। বাঁধাকপির পাতার স্তরে স্তরে পোকা বা কৃমি (টেপওয়ার্ম) থাকার তীব্র আশঙ্কা থাকে। আর্দ্রতার কারণে ফুলকপিতেও ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে যা খালি চোখে বোঝা কঠিন।
মাশরুম:
বর্ষাকালে মাশরুম খাওয়া সম্পূর্ণ এড়িয়ে চলুন। মাশরুম মূলত স্যাঁতস্যাঁতে ও ভেজা জায়গায় জন্মায় এবং পরিবেশ থেকে খুব দ্রুত আর্দ্রতা শোষণ করে। বর্ষার ব্যাকটিরিয়া এর উপর দ্রুত প্রভাব ফেলে, যার ফলে বর্ষায় মাশরুম খেলে মারাত্মক ‘ফুড পয়জ়নিং’ বা খাদ্য বিষক্রিয়ার ঝুঁকি বাড়ে।
মাটির তলার সব্জি ও দ্রুত পচনশীল সব্জি:
আলু, পেঁয়াজ, গাজরের মতো সব্জি মাটির নীচে উৎপন্ন হয় বলে এতে জীবাণুর সংক্রমণ ছড়ানোর ভয় বেশি। অন্যদিকে বেগুন ও টমেটোর মতো সব্জিতে আর্দ্র আবহাওয়ার কারণে খুব দ্রুত পচন ধরে যায়। তাই এই ধরনের সব্জি ব্যবহারের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন।
সব্জি খাওয়ার ক্ষেত্রে কী কী সুরক্ষাবিধি মানবেন?
দৈনন্দিন জীবনে সব্জি পুরোপুরি বাদ দেওয়া সম্ভব নয়। তাই সংক্রমণ থেকে বাঁচতে রান্নার আগে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন:
-
লবণ-ভিনেগারের জল: বাজার থেকে সব্জি কিনে আনার পর সেগুলি সাধারণ জলে ধুয়েই রেখে দেবেন না। হালকা গরম জলে সামান্য নুন বা ভিনেগার মিশিয়ে সব্জিগুলি কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে ধুয়ে নিন।
-
শুকনো করে সংরক্ষণ: ধোয়ার পর সব্জির গা থেকে জল ভালো করে ঝরিয়ে ও শুকিয়ে নিয়ে তবেই ফ্রিজে বা এয়ার টাইট কন্টেনারে তুলে রাখুন।
-
উচ্চ আঁচে রান্না: বর্ষাকালে আধসেদ্ধ বা কম আঁচে রান্না করা খাবার খাবেন না। যে কোনও সব্জি সবসময় উচ্চ আঁচে ও ভালো করে ফুটিয়ে রান্না করুন, যাতে সমস্ত ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যায়।
