Delhi-Fire : দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! চারতলা বাড়িতে পুড়ে মৃত্যু অন্তত ৯ জনের !
কিউ ইন্ডিয়া বাংলা:- রাজধানী দিল্লিতে একটি চারতলা বাড়িতে রবিবার ভোরে বিধ্বংসী আগুন। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও দুইজন। কিন্তু ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি । তবে সূত্রের খবর, বাতানুকুল যন্ত্রে বিস্ফোরণে জেরেই দুর্ঘটনাটি ঘটতে পারে।
পুলিশ এবং দমকল সত্রে খবর, রবিবার ভোর ৪টে নাগাদ দিল্লির বিবেক বিহার এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়।গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১৪টি ইঞ্জিন। আগুনের তীব্রতার জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
দমকল আধিকারিকদের সূত্রে জানা গেছে, বাড়ির দোতলায় সর্বপ্রথম আগুন লাগে , তারপর সেখান থেকে ছড়িয়ে পড়ে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় দমকল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঠিক কী কারণে আগুন লাগলো তা অনুসন্ধান করা হচ্ছে।
