আজকের দিনেআবহাওয়া

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির ‘কমলা’ বার্তা

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ কিছুতেই পিছু ছাড়ছে না দুর্যোগ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। মহানগরে ইতিমধ্যেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে বৃষ্টি হলেও রেহাই মিলছে না ভ্যাপসা গরম থেকে। বেলা বাড়লেই আর্দ্রতাজনিত অস্বস্তির জেরে ঘাম ঝরবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী কয়েকদিন অতিভারী বৃষ্টির জেরে নতুন করে ধস এবং নদীগুলির জলস্তর বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

কলকাতায় দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, আজ শুক্রবার তিলোত্তমার আকাশ মূলত মেঘলা থাকবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া এবং হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

  • তাপমাত্রা ও আর্দ্রতা: এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (বৃহস্পতিবার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ। ফলে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করবে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ১.৯ মিলিমিটার।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কী পরিস্থিতি?

উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অবস্থান করছে। আগামী দু’দিনে এটি ক্রমশ ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে দুর্বল হবে। তবে এর প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

  • আজকের সতর্কতা: আজ শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

  • ঝোড়ো হাওয়ার দাপট: পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা: সমুদ্র উত্তাল থাকার কারণে আজ পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপটি সরে গেলেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

উত্তরবঙ্গে অতিবৃষ্টির ‘কমলা সতর্কতা’, বাড়ছে ধসের আশঙ্কা!

দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও উত্তরবঙ্গে দুর্যোগের দাপট জারি থাকবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি—এই চার জেলায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

শনিবার, রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত অতিভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’  জারি করেছে হাওয়া অফিস। এর ফলে পাহাড়ি এলাকায় নতুন করে ভূমিধসের  প্রবল আশঙ্কা থাকছে। পাশাপশি তিস্তা, তোর্সার মতো উত্তরবঙ্গের পাহাড়ি নদীগুলির জলস্তর বেড়ে বিপদসীমার ওপর দিয়ে বইতে পারে বলে সতর্ক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *