IPL-Cricket : মিশন হ্যাটট্রিক! পাঞ্জাব কিংসকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখতে চায় গুজরাট !
কিউ ইন্ডিয়া বাংলা :- আইপিএল ২০২৬ এর বর্তমানে পয়েন্ট টেবিল এর পঞ্চম স্থানে রয়েছে গুজরাট টাইটানস। শেষ দুটি ম্যাচে টানা জয় পেয়েছে তারা । তৃতীয় জয়ের লক্ষ্যে ঘরের মাঠে শুভমন গিলদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
টানা দুটি ম্যাচে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়েছে গুজরাট। দলের প্রথম তিন ব্যাটার অধিনায়ক শুভমন গিল, সাই সুদর্শন এবং জস বাটলার ভালো ফর্মে আছেন। এই তিনজন যথাক্রমে এখনো পর্যন্ত ৩৭৩ , ৩২৮ এবং ৩০৯ রান করেছেন। তবে বাকিরা সেইভাবে সফলতা পাননি । শাহরুখ খান , জেসন হোল্ডার বিগত ম্যাচে রান পাননি। এরমধ্যে কোন একজনকে পরিবর্তন করা হতে পারে। দলের বোলিং বিভাগে কাগিসো রাবাডা, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো ফর্মে আছেন । এছাড়া শেষ ম্যাচে আরশাদ খান বেঙ্গালুরুর বিপক্ষে তিনটি উইকেট নিয়েছিলেন। পাঞ্জাবের বিপক্ষে আজকের ম্যাচে মাঠে নামার আগে যা দলকে স্বস্তি দিচ্ছে। বোলিংয়ে আর এক বিকল্প বাড়ল তাদের কাছে। তবে পাঞ্জাব কিংস শক্তিশালী প্রতিপক্ষ । তাদের বিপক্ষে গুজরাটের বোলিং লাইন আপকে বাড়িতে সতর্কতা অবলম্বন করতে হবে ।
অপরদিকে পাঞ্জাব কিংস চলতি আইপিএলের সব থেকে সফল দল এখনো পর্যন্ত। আটটি ম্যাচ খেলে তারা মাত্র একটিতে হেরেছে। গত ম্যাচে তারা রাজস্থানের কাছে ছয় উইকেটে হেরেছিল। তবে একটা হার তাদের খেলায় কোন প্রভাব ফেলতে পারবে না মতামত ক্রিকেট বিশেষজ্ঞদের। পাঞ্জাব দলের এবারে সাফল্যের অন্যতম কারণ তাদের ব্যাটিং লাইন আপে ধারাবাহিকতা । ওপেনিং এবং মিডল অর্ডার প্রতিটা ম্যাচে ভালো পারফর্ম করছে। যার কারণে ব্যাটিং নিয়ে এখনো পর্যন্ত পরীক্ষার মুখে পড়েনি শ্রেয়স আয়ারের দল। গুজরাটের বিপক্ষে তাদের ব্যাটিং বিভাগ নিয়ে খুব বেশি চিন্তা নেই। দলে এই ক্ষেত্রে কোন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আজকের ম্যাচে । পাঞ্জাবের বোলিং নিয়ে চিন্তা থেকেই যায়। তাদের ব্যাটিং যতটা ভালো পারফর্ম করছে সেদিক থেকে বোলিং বিভাগ অনুজ্জ্বল। দলের প্রধান ফাস্ট বোলার অর্শদীপ সিং রাজস্থানের বিপক্ষে নিজের চার ওভারে ৬৮ রান খরচ করে ফেলেছিলেন। এছাড়া লাকি ফার্গুসন এবং মার্কো জানসেন হতশ্রী বোলিং করেছিলেন । গুজরাটের বিপক্ষে দলের ফাস্ট বোলারদের নিজেদের ছন্দে ফিরতে হবে । একমাত্র দলের স্পিনাররা সফলতার কিছুটা মুখ দেখেছেন। তবে বোলিংয়ে অনেকখানি উন্নতি করতে হবে। গুজরাটের বিপক্ষে আজকের ম্যাচে পাঞ্জাব কয়েকটি পরিবর্তন করলেও করতে পারে।
এবার দেখার অপেক্ষা এটাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাটের বিপক্ষে জিতে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব জয়ের সারণীতে ফিরতে পারে কিনা ? নাকি গুজরাট টাইটানস পাঞ্জাবকে হারিয়ে, নিজেদের জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে ।
