আজকের দিনেখেলা

ভুবি – হেজেলহুডের জোড়া আক্রমণে বেলাইন দিল্লি, সহজ জয় বেঙ্গালুরুর

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা :- আগের ম্যাচে যে স্টেডিয়ামে ২৬৪ রান চেজ হতে দেখা গিয়েছিল সেখানে কম রানের ইনিংস আজ দেখলো ক্রিকেট বিশ্ব। ৭৫ রানে ঘরের মাঠে আজ অলআউট হয়ে যায় দিল্লি। আর সেই রান ৬.৩ ওভারে তুলে দিল বেঙ্গালুরু। এটি এখনো পর্যন্ত এবারের আইপিএলে সর্বনিম্ন স্কোর।

আজ অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নামে ঘরের দল দিল্লি ক্যাপিটালস। দলে তারা দুটি পরিবর্তন করে । সাহিল পারেখ ও অভিষেক পোড়েলকে খেলায় তারা। তবে ইনিংসের শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অক্ষর প্যাটেলের দল। মাত্র ৮ রানের মাথায় তারা ছয় উইকেট হারিয়ে ফেলে। ভুবনেশ্বর কুমার ও জোস হেজেলহুড এর জোড়া পেস আক্রমণে তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির টপ ও মিডল অর্ডার । সাহিল পারেখ, সমীর রিজভী এবং দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল শূন্য রানে আউট হয়ে যান। কেএল রাহুল ও নীতিশ রানা দুজনেই মাত্র এক রান করেন। ট্রিস্টান স্টাবস করেন ৫ রান। শুধুমাত্র অভিষেক পোড়েল , ডেভিড মিলার এবং কাইল জেমিসন দুই অংকের রানে পৌঁছাতে সক্ষম হন । ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। আইপিএল এর ইতিহাসে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন হেজেলহুড। ভুবনেশ্বর কুমার তিনটি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে ৬.৩ ওভার এর মধ্যে প্রয়োজনীয় রান তুলে দেয় আরসিবি। ১১ বলে কুড়ি রান করে কাইল জেমিসন এর বলে আউট হন জ্যাকব বেথেল। এরপর বিরাট কোহলি (২৩*) ও দেবদত্ত পাল্লিকাল (৩৪*) রানে অপরাজিত থেকে দলকে সহজ জয় এনে দেন। দিল্লির বোলাররা বেঙ্গালুরুর আর কোন উইকেট তুলতে পারেননি। এই মাঠেই পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস এর মধ্যে ম্যাচে ২৬৪ রানের টার্গেট চেস হয়েছিল । এর পরের ম্যাচে এত কম রানের ইনিংস দেখা গেল। আরসিবি বোলারদের কাছে অসহায় ভাবে আত্মসমর্পণ করলেন দিল্লির ব্যাটিং বিভাগ।

আজকের ম্যাচ হেরে অক্ষর প্যাটেলের দল পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে নেমে গেল। আটটি ম্যাচ খেলে তারা মাত্র তিনটি ম্যাচে জয় পেতে সক্ষম হয়েছে ক্রমশ প্লে অফে ওঠার লড়াই তাদের জন্য কঠিন হচ্ছে। দিল্লির পরবর্তী ম্যাচ আগামী ১লা মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *