গ্যাস সংকটের মাঝে বীরভূমে সাইবার প্রতারণার জাল
কিউ ইন্ডিয়া বাংলা,বীরভূম: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশের বাজারে রান্নার গ্যাসের সংকটের কালো মেঘ দেখা দিয়েছে। আর সাধারণ মানুষের এই দুশ্চিন্তাকেই হাতিয়ার করে বীরভূম জেলাজুড়ে জাল বিছিয়েছে নতুন এক সাইবার প্রতারণা চক্র। গ্যাসের সমস্যা সমাধানের নাম করে গ্রাহকদের ফোনে ফোন বা এসএমএস পাঠিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সাইবার ক্রাইম থানা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি থানা এলাকার অন্তত তিন মহিলা সম্প্রতি বড়সড় আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। প্রতারকরা স্থানীয় গ্যাস ডিলারের পরিচয় দিয়ে গ্রাহকদের ফোন করছে। গ্যাস পাওয়া নিশ্চিত করার নাম করে তাদের থেকে ব্যাঙ্ক ডিটেইলস চাওয়া হচ্ছে। এরপর ফোনে আসা ওটিপি শেয়ার করলেই মুহূর্তের মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে সমস্ত টাকা। এছাড়া ফোনের পাশাপাশি মেসেজের মাধ্যমে বিভিন্ন সন্দেহজনক লিঙ্ক পাঠানো হচ্ছে। সেই লিঙ্কে ক্লিক করলে ফোনে অজানা অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে, যার মাধ্যমে মোবাইলের সমস্ত ব্যক্তিগত তথ্য পৌঁছে যাচ্ছে হ্যাকারদের কবলে।
গ্যাস না মেলার আতঙ্কে থাকা সাধারণ মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে প্রতারকদের ফাঁদে পা দিচ্ছেন। বীরভূম সাইবার ক্রাইম থানার এক পদস্থ আধিকারিক জানিয়েছেন,“গ্যাসের সমস্যা মেটানোর নাম করে এই নতুন ধরনের প্রতারণা শুরু হয়েছে। বেশ কিছু অভিযোগ জমা পড়েছে এবং আমরা তদন্ত শুরু করেছি। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, কোনো অবস্থাতেই ফোনের ওটিপি কাউকে দেবেন না।”
বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জনস্বার্থে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকে নিচের বিষয়গুলি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাস সংক্রান্ত কোনো সমস্যার জন্য সরাসরি অনুমোদিত ডিলারের অফিসে যোগাযোগ করুন। ফোনে কেউ ব্যাঙ্ক ডিটেইলস বা ওটিপি চাইলে তা কখনোই দেবেন না। অচেনা নম্বর থেকে আসা কোনো লিঙ্কে ক্লিক করবেন না বা কোনো অ্যাপ ডাউনলোড করবেন না। প্রতারিত হলে দ্রুত ১৯৩০ নম্বরে কল করুন বা নিকটস্থ সাইবার ক্রাইম থানায় জানান।
