ব্রিগেডে মোদির সভার আগে ভূমিপূজা
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতাঃ- বাংলার বিধানসভা নির্বাচনে নিজেদের জমি শক্ত করতে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। জেলা স্তরে এই যাত্রার সাড়া নিয়ে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন থাকলেও, আগামী শনিবার ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাইভোল্টেজ সভাকে কেন্দ্র করে কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির। সভার প্রস্তুতি ও সাফল্যের কামনায় আজ সকালে ব্রিগেডে সাড়ম্বরে ‘ভূমিপূজন’ সারলেন বিজেপি নেতারা।
শনিবার সকালে ব্রিগেড ময়দানে দেখা গেল এক ভিন্ন ছবি। মাঠের একাংশে টাঙানো হয়েছে গেরুয়া চাঁদোয়া। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, দলের জাতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল, এবং রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী সহ শীর্ষ নেতৃত্ব। নিয়ম মেনে দীর্ঘক্ষণ চলে পুজো। রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের মতে, বিভিন্ন জেলায় পরিবর্তন যাত্রার জনসভায় লোক কম হওয়ার যে ছবি দেখা গিয়েছে, তাতে কিছুটা চাপে রয়েছে বিজেপি। তাই কি মোদির সভার ভিড় নিশ্চিত করতে দেবতার শরণাপন্ন হলেন নেতারা? যদিও বিজেপি নেতৃত্ব এই তত্ত্ব উড়িয়ে দিয়েছেন।
পুজো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন,“বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে সম্মান জানাতেই এই ভূমিপূজন। আমরা সব দেবদেবীর কাছে প্রার্থনা করেছি যাতে বাংলার বর্তমান অপশাসনের অবসান ঘটে। মোদিজি তো সুর তুলে দিয়েছেন— ‘পালটানো দরকার, চাই বিজেপি সরকার’।” মাঠ ফাঁকা থাকার আশঙ্কা উড়িয়ে দিয়ে তিনি পাল্টা দাবি করেন, ওইদিন ব্রিগেডে কেবল মানুষের মাথা দেখা যাবে। তাঁর কথায়, “বাংলার মানুষ বদল চান, তাই মোদিজির জনসভায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে।”
রাজনৈতিক মহলে সবথেকে বেশি চর্চা হচ্ছে ব্রিগেডের সভায় ‘চমক’ নিয়ে। রাজু বন্দ্যোপাধ্যায় আজ সেই জল্পনা আরও উসকে দিয়ে জানিয়েছেন, ১৪ মার্চের সভায় অনেক বড়সড় চমক থাকতে চলেছে। তবে সেই চমক কোনো তারকা প্রার্থীর যোগদান না কি অন্য কিছু, তা নিয়ে খোলসা করেননি তিনি। কি কি হবে সেদিন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মেগা জনসভা। আগামী শনিবার, ১৪ মার্চ। ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, কলকাতা। কেন্দ্রীয় ও রাজ্যস্তরের শীর্ষ বিজেপি নেতৃত্ব।
এখন দেখার, ভূমিপূজন আর নেতৃত্বের এই আত্মবিশ্বাস ব্রিগেডের ময়দানে আক্ষরিক অর্থেই জনসমুদ্র তৈরি করতে পারে কি না।
