আজকের দিনেখেলাবিশ্ব

Cricket : অস্ট্রেলিয়া ছেড়ে পর্তুগালের ক্যাপ্টেন হেনরিকস, রোনাল্ডোর দেশকে টি-২০ বিশ্বকাপে তুলবেন প্রাক্তন নাইট ?

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:- এক সময়ে অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে খেলা তারকা অলরাউন্ডার এবার নেতৃত্ব দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশকে। মোজেস হেনরিকসের কাঁধে ভর করেই প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছে পর্তুগাল। আইপিএলে কেকেআর, আরসিবি, সানরাইজার্সে খেলা এই ৩৯ বছরের অজি তারকার সামনেই এখন ইউরোপ বাছাইয়ের কঠিন চ্যালেঞ্জ।

হেনরিকস অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন। নিউ সাউথ ওয়েলস এবং সিডনি সিক্সার্সের হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আইপিএলেও কেকেআর, দিল্লি, আরসিবি, পাঞ্জাব এবং সানরাইজার্সের জার্সিতে মাঠে নেমেছেন। সানরাইজার্সের হয়ে আইপিএল ট্রফিও জিতেছেন তিনি। গত মাসেই অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেন এই অলরাউন্ডার।

এবার তিনি খেলবেন তাঁর জন্মভূমির হয়ে। হেনরিকসের জন্ম পর্তুগালের মাদেইরা দ্বীপে, যেখানে জন্মেছেন ফুটবল কিংবদন্তি রোনাল্ডোও। পরে পরিবার অস্ট্রেলিয়ায় পাড়ি দিলেও এবার শেকড়ে ফিরছেন তিনি। তাঁর নেতৃত্বেই ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার সি-র বি গ্রুপে খেলবে পর্তুগাল। প্রতিপক্ষ ইজরায়েল, জার্মানি, গ্রিস ও চেক প্রজাতন্ত্র। ম্যাচগুলি হবে ১৪ থেকে ২০ আগস্টের মধ্যে।

রাস্তাটা সহজ নয়। ২১ আগস্ট বি গ্রুপ চ্যাম্পিয়নকে খেলতে হবে এ গ্রুপ চ্যাম্পিয়নের সঙ্গে। সেই ম্যাচ জিতলে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে ইউরোপের রিজিওনাল ফাইনালে জায়গা পাবে পর্তুগাল। সেখানকার সেরা দুই দল ২০২৮ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্লোবাল কোয়ালিফায়ারে খেলার সুযোগ পাবে। গতবার ইতালির চমক দেখার পর এবার র‍্যাঙ্কিংয়ে ৩৭ নম্বরে থাকা পর্তুগালও ক্রিকেট বিশ্বে নতুন শক্তি হয়ে উঠতে চায় হেনরিকসকে সামনে রেখে।

অজি জার্সি ছেড়ে পর্তুগালের নেতা। অভিজ্ঞতা, নেতৃত্ব আর আইপিএলের সাফল্য — সবটাই কাজে লাগাতে হবে হেনরিকসকে। তাঁর হাত ধরেই রোনাল্ডোর দেশ ক্রিকেটের বিশ্বমঞ্চে পা রাখতে পারে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *