পুজোর মধ্যেই ‘স্বাস্থ্যসাথী’র স্ক্রিনিং শেষ করে ‘আয়ুষ্মান ভারত’ চালুর নির্দেশ মুখ্যমন্ত্রীর
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা: রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় বড়সড় রদবদল আনতে চলেছে নতুন বিজেপি সরকার। পূর্বতন সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্প বন্ধ করে এবার রাজ্যজুড়ে পুরোদমে চালু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। আগামী দুর্গাপুজোর দিনগুলির মধ্যেই স্বাস্থ্যসাথী প্রকল্পের সমস্ত উপভোক্তাদের স্ক্রিনিং বা ঝাড়াই-বাছাইয়ের কাজ শেষ করে তাঁদের আয়ুষ্মান ভারতের আওতায় নিয়ে আসার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার নবান্নে রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তা এবং জেলাশাসকদের নিয়ে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠক থেকেই আয়ুষ্মান ভারত প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একগুচ্ছ কড়া নির্দেশ দেন তিনি। নির্দিষ্ট সময়ের মধ্যে যাতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, তার জন্য একটি ‘ইমপ্লিমেন্ট ক্যালেন্ডার’ বা বাস্তবায়নের সময়সূচি তৈরি করার জন্য প্রায় পাঁচ দফা গাইডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক স্বচ্ছতা ও জনপরিষেবার ওপর বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানান, সরকারি অর্থ খরচের ক্ষেত্রে কড়া নজরদারি রাখতে হবে। কোন এলাকায় পরিষেবা প্রদানকারী কোন অফিসার কী দায়িত্বে রয়েছেন, আমজনতার সুবিধার্থে তাঁদের নাম ও ফোন নম্বর প্রকাশ্যে আনতে হবে। এর ফলে সাধারণ মানুষ পরিষেবা পেতে কোনো সমস্যায় পড়লে সরাসরি সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
এখানেই শেষ নয়, জনসংযোগ বাড়াতে এবং গ্রাউন্ড রিয়্যালিটি বুঝতে নিয়মিত এলাকার বাসিন্দাদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। এর ফলে স্থানীয় স্তরে কোনো সমস্যা তৈরি হলে তা দ্রুত প্রশাসনের নজরে আসবে এবং তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পাশাপাশি, প্রকল্পের সমস্ত তথ্য ও উপভোক্তাদের ডেটাবেস যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে বজায় রাখা হয়, সে বিষয়েও আধিকারিকদের সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, নতুন সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ‘যোগ্য’ উপভোক্তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে রাজ্যবাসী শুধু এই রাজ্যেই নয়, দেশের যেকোনো নথিভুক্ত হাসপাতালেও চিকিৎসার সুযোগ পাবেন। তবে রাজ্য সরকারের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে, যতদিন না রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প পুরোপুরি চালু হচ্ছে, ততদিন পর্যন্ত বর্তমান স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধাও বজায় থাকবে।
