আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়নাভারত

Calcutta High Court : কে হবেন কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি? নাম সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বম্বে হাই কোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিট্ঠলরাও ঘুগে-র নাম কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। একইসঙ্গে একাধিক হাই কোর্টের প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাবও রাখা হয়েছে।

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের নতুন সুপারিশে কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বম্বে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রবীন্দ্র বিট্ঠলরাও ঘুগে-র নাম উঠে এসেছে।

এর আগে গত ১২ মে কলকাতা হাই কোর্টে বিচারপতি নিয়োগের জন্য ৯ জন আইনজীবীর নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সেই তালিকা পাঠানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে। জানা গিয়েছে, তাঁদের মধ্যে ৮ জনকে বিচারপতি হিসেবে নিয়োগে সবুজ সংকেত দিয়েছে রাষ্ট্রপতি ভবন।

সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার কলকাতা হাই কোর্টে নতুন ৮ বিচারপতি শপথ নিতে পারেন। বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ দে, পার্থসারথি রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং নিষাদ মেদেরার।

কলকাতা হাই কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২। নতুন ৮ জন শপথ নিলে বর্তমানে কর্মরত বিচারপতির সংখ্যা বেড়ে ৪৯ হতে পারে। ফলে দীর্ঘদিন ধরে চলা বিচারপতির শূন্যপদ কিছুটা কমবে বলে আশা আইনজীবীদের একাংশের।

তথ্য অনুযায়ী, গত দু’দশকেরও বেশি সময়ে কলকাতা হাই কোর্টে একসঙ্গে এতজন বিচারপতি নিয়োগের নজির খুব একটা নেই। ফলে এই নিয়োগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।

এর পাশাপাশি, কয়েকদিন আগেই তিন হাই কোর্টের দুই প্রধান বিচারপতি এবং এক বিচারপতিকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত করার সুপারিশ করেছিল কলেজিয়াম। সেই তালিকায় রয়েছেন কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি এন ভি আঞ্জারিয়া, গুয়াহাটি হাই কোর্টের প্রধান বিচারপতি বিজয় বিষ্ণোই এবং বম্বে হাই কোর্টের বিচারপতি এ এস চান্দুরকর।

কলকাতা হাই কোর্টের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে রবীন্দ্র বিট্ঠলরাও ঘুগে-র নাম সুপারিশ হওয়ায় এবার পরবর্তী প্রক্রিয়ার দিকে নজর। পাশাপাশি নতুন ৮ বিচারপতি শপথ নিলে হাই কোর্টে বিচারপতির ঘাটতিও অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *