Rajdharma : পুলিশ হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যু: হালিশহরে গিয়ে ‘রাজধর্ম’ পালন শুভেন্দুর, আইসি ক্লোজ ও আইও সাসপেন্ড !
কিউ ইন্ডিয়া বাংলা, হালিশহর :- হালিশহরে পুলিশ হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কুমারের মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি এবং বারাকপুরের সিপি-সহ একাধিক মন্ত্রী ও বিধায়ককে সঙ্গে নিয়ে নিহতের বাড়ি পৌঁছান তিনি। শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রশমনে দ্রুত আইসি-কে ক্লোজ ও তদন্তকারী আধিকারিককে (আইও) সাসপেন্ডের সিদ্ধান্ত জানান তিনি।
নিহতের পরিবারের সঙ্গে দীর্ঘ কথোপকথনের পর শুভেন্দু অধিকারী জানান, রাজ্য প্রশাসন সবসময় নিরপেক্ষ বিচারে বিশ্বাসী। এই ঘটনার গুরুত্ব বিবেচনায় জেলাশাসককে সরাসরি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং মুখ্যসচিবের মাধ্যমে দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে। বিরজু কুমারের স্ত্রী প্রশাসনকে দেওয়া চিঠিতে কোনো রাজনীতি না করে কেবল ন্যা বিচারের দাবি জানিয়েছেন বলে জানান তিনি।
পরিবারের ভবিষ্যৎ সুরক্ষায় নিহতের স্ত্রীকে ‘মুখ্যমন্ত্রীর অ্যাটেনডেন্ট’ হিসেবে চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয় (যা এক বছর পর গ্রুপ-ডি পদে উন্নীত হবে)। পাশাপাশি নিহতের দুই সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনার আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও পুলিশ হেফাজতে মৃত্যুর মতো ঘটনায় প্রশাসনিক দায়িত্ব ও ‘রাজধর্ম’ পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দোষী আধিকারিকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সামাজিকভাবে সুরক্ষা দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।
