সূচির অপেক্ষায় কলকাতা লিগ, আইএফএ-র কাছে দ্রুত ঘোষণার দাবি কোচ বাস্তব রায়ের
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- কবে শুরু হচ্ছে কলকাতা লিগ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। সূচির অনিশ্চয়তায় প্রস্তুতি চালাতে গিয়ে সমস্যায় ক্লাবগুলি। এবার আইএফএ-র কাছে দ্রুত সূচি প্রকাশের আবেদন জানালেন অভিজ্ঞ কোচ বাস্তব রায়। পাশাপাশি এবারের কলকাতা লিগে মোহনবাগানের হেড স্যারের দায়িত্বও সামলাতে হবে তাঁকে।
বিগত ৩ জুন থেকেই কলকাতা লিগের প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাস্তব রায়। তাঁর কথায়, “প্রায় ৪০ দিনের বেশি হয়ে গেল অনুশীলন করছি। প্রথমে শুনেছিলাম ২৯ জুন থেকে লিগ শুরু। কিন্তু এখনও পর্যন্ত ফাইনাল ডেট জানা যায়নি।”
সূচি না থাকায় সবচেয়ে বেশি ভুগছে ফুটবলাররা। “খেলোয়াড়েরা বুঝতে পারছে না কবে ম্যাচ। এর ফলে মোটিভেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে” – বললেন তিনি।
সমস্যা আরও বেড়েছে রিজার্ভ টিম নিয়ে। রিজার্ভ দল থেকে ৮ জন ফুটবলার ডুরান্ডের ক্যাম্পে চলে যাওয়ায় স্কোয়াড সাজাতেও সমস্যা হচ্ছে। বাস্তব রায়ের আক্ষেপ, “সময় মতো লিগ শুরু হলে প্লেয়ার রোটেশন করানো যেত।”
তিনি আরও বলেন, বড় ক্লাবগুলির তুলনায় ছোট দলগুলির অবস্থা আরও খারাপ। টাকার অভাবে টানা অনুশীলন চালানো তাদের পক্ষে কঠিন।
উল্লেখ্য, এবারের কলকাতা লিগে মোহনবাগানের কোচের দায়িত্ব সামলাবেন বাস্তব রায়। তাই দ্রুত সূচি পেলে পরিকল্পনা সাজাতে সুবিধা হবে বলেই মনে করেন তিনি।
লিগের দিনক্ষণ ঘোষণা না হওয়ায় ক্লাব, কোচ এবং ফুটবলার – সবার মধ্যেই তৈরি হয়েছে ধোঁয়াশা। বাগান কোচ বাস্তব রায়ের দাবি, আইএফএ দ্রুত সূচি প্রকাশ করলে প্রস্তুতি যেমন গুছিয়ে নেওয়া যাবে, তেমনই ছোট-বড় সব দলই উপকৃত হবে।
