চলবে সেতু রক্ষণাবেক্ষণের কাজ, ফের ১৬ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- আবারও বন্ধ হতে চলেছে কলকাতা-হাওড়ার যোগাযোগের অন্যতম লাইফলাইন বিদ্যাসাগর সেতু। সেতুর স্বাস্থ্য রক্ষা ও জরুরি মেরামতির জন্য ১৬ ঘণ্টা যান চলাচল নিষিদ্ধ করার কথা ঘোষণা করল কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১২ জুলাই রবিবার সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু দিয়ে কোনও গাড়ি চলাচল করতে পারবে না। সেতুর কাঠামোগত সুরক্ষার কথা মাথায় রেখে এবার ‘স্টে কেবল’ এবং ‘হেল্ডিং ডাউন কেবল’ পরিবর্তনের কাজ করা হবে। বিশেষজ্ঞদের মত, এই ধরনের কাজ চলার সময় সেতুর উপর যানবাহনের চাপ থাকলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। সেই কারণেই পুরো ১৬ ঘণ্টা সেতুকে সম্পূর্ণ ব্লক রাখার সিদ্ধান্ত।
ট্রাফিক সামাল দিতে কয়েকটি গুরুত্বপূর্ণ ডাইভারশনও ঠিক করা হয়েছে। কে পি রোডের যে গাড়িগুলি ওয়াই-পয়েন্ট র্যাম্প দিয়ে সেতুতে উঠত, সেগুলিকে ১ ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। খিদিরপুর ও সিজিআর রোড থেকে আসা পূর্বমুখী গাড়িগুলি হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ধরবে। জে অ্যান্ড এন আইল্যান্ড ও জিরুট আইল্যান্ডের দিক থেকে আসা পশ্চিমমুখী গাড়িগুলিকে ১ ফার্লং গেট ও অ্যাট-গ্রেড রোড হয়ে হেস্টিংস ক্রসিংয়ের দিকে পাঠানো হবে। প্রয়োজন বুঝে শহরের অন্যান্য রাস্তাতেও ট্রাফিক ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার ছুটির দিন হওয়ায় অফিসগামী মানুষের ভিড় তুলনামূলক কম থাকবে। তবে বাজার ও ঘোরাঘুরির জন্য যাঁরা বেরোবেন তাঁদের হাতে অতিরিক্ত সময় নিয়ে বেরোনোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
কাজ শেষ হলে রাত ১০টার পর সেতুর পরিস্থিতি খতিয়ে দেখে ফের যান চলাচল স্বাভাবিক করা হবে। পুলিশের তরফে অনুরোধ, ওইদিন যতটা সম্ভব বিকল্প রাস্তা ব্যবহার করুন এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন। যাত্রী স্বাচ্ছন্দ্য ও সেতুর দীর্ঘস্থায়িত্বের জন্যই এই সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আবেদন জানানো হয়েছে।
