বিশ্বকাপের মাঝেই ময়দানে ফিরছে কলকাতা লিগ, কিভাবে দেখবেন ম্যাচগুলি?
কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- বিশ্বকাপের উত্তাপের মধ্যেই ফের ময়দানে বল গড়াচ্ছে। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ ২০২৬। গ্রুপ বিন্যাসে বদল থেকে সম্প্রচার – সব কিছুই জানিয়ে দিল আইএফএ।
আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, ১২ জুলাই বিকেল ৪টেয় ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ ম্যাচ দিয়ে পর্দা উঠবে সিএফএলের। খেলা হবে ইস্টবেঙ্গল-এরিয়ান মাঠে। একই দিন বিকেল ৪.৩০ মিনিটে মোহনবাগান তাদের অভিযান শুরু করবে পাঠচক্রের বিরুদ্ধে। মহামেডান প্রথম ম্যাচ খেলবে রেনবো অ্যাথলেটিকের বিরুদ্ধে। আর ষষ্ঠ রাউন্ডেই রয়েছে মরশুমের প্রথম ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি।
গ্রুপ বিন্যাসেও আনা হয়েছে বদল। আগে লটারিতে ‘এ’ গ্রুপে ছিল মোহনবাগান-ইস্টবেঙ্গল আর ‘বি’ গ্রুপে ইউনাইটেড স্পোর্টস-মহামেডান। কিন্তু ডায়মন্ড হারবার ও শ্রীভূমির ভবিষ্যৎ অনিশ্চিত থাকায় ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। উত্তর না আসায় মেসার্সকে ‘এ’ গ্রুপ থেকে ‘বি’ গ্রুপে এবং সুরুচি সংঘকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে। ফলে দুই গ্রুপেই থাকছে ১৩টি করে দল। সুরুচি খেলবে বলে জানালেও এখনও প্লেয়ার রেজিস্ট্রেশন করেনি।
সম্প্রচার নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে আইএফএ। গতবার চড়া দাম দিয়েও ভালো সম্প্রচার না পাওয়ায় শ্রাচী গ্রুপের সঙ্গে সব চুক্তি ছিন্ন করা হয়েছে। এবার লিগের সব ম্যাচ সরাসরি দেখা যাবে ‘নম্বর টেন স্পোর্টস’-এ।
টুর্নামেন্টের ফরম্যাটেও পরিবর্তন। গ্রুপ পর্বের পর হবে সুপার সিক্স। তবে এবার গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যোগ হবে না। নিজেদের গ্রুপের দলের সঙ্গেও আর খেলা পড়বে না। প্রতিটি দল খেলবে মাত্র ৩টি করে ম্যাচ। আইএফএ-র যুক্তি, হাতে সময় কম। এরপরই শুরু হয়ে যাবে ডুরান্ড, আইএসএল এবং আই লিগ। পাশাপাশি ক্লাবগুলোর আর্থিক দিকটাও মাথায় রাখতে হয়েছে। এছাড়া প্রতি গ্রুপের শেষের ৩টি করে দলকে নিয়ে হবে রেলিগেশন রাউন্ড। ভূমিপুত্রের কোটা এবারও ৬ জনই থাকছে।
বিশ্বকাপের মাঝেই ময়দানে ফিরছে ফুটবলের উৎসব। নতুন সম্প্রচার, নতুন ফরম্যাট আর ডার্বির উত্তেজনা – সব মিলিয়ে জমে উঠতে চলেছে এবারের কলকাতা লিগ।
