আজকের দিনেতিলোত্তমা

বালিগঞ্জের লড়াইয়ে টলিউডের ‘বুম্বাদা’র আশীর্বাদ!

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা,কলকাতা: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের ভোট মানেই এবার এক ত্রিমুখী লড়াই। একদিকে তৃণমূলের অভিজ্ঞ প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে বিজেপির শতরূপা। আর এই দুই হেভিওয়েটের মাঝখানে লাল ঝাণ্ডা হাতে দাপিয়ে বেড়াচ্ছেন ২৯ বছরের তরুণী আফরিন শিল্পী। প্রচারের ময়দানে কোনো খামতি রাখতে নারাজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী। শুক্রবার সকালে প্রচারের মাঝেই তিনি পৌঁছে গেলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে।

‘বুম্বাদা’র সঙ্গে সাক্ষাৎ ও আশীর্বাদ

বালিগঞ্জের ৬৫ নম্বর ওয়ার্ডে প্রচার করার সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন আফরিন। অভিনেতার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আফরিন লিখেছেন:

“বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওঁর ওয়ার্ডে প্রচারের সময় দেখা করে এলাম। ওঁর আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।”

রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে এলাকার একজন বিশিষ্ট নাগরিকের সঙ্গে এই সৌজন্য সাক্ষাৎ নির্বাচনী উত্তাপের মাঝে এক পজিটিভ বার্তা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

ছাত্র রাজনীতি থেকে ভোটের ময়দান

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনীর রাজনীতির আঙিনায় পা রাখা ২০১৫ সালে। কলেজের প্রথম বর্ষে পড়ার সময় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যায় SFI-কে পাশে পেয়েছিলেন তিনি। বাম আদর্শের প্রতি সেই টান থেকেই ছাত্র রাজনীতিতে হাতেখড়ি। এরপর এসএফআই  হয়ে পার্টির সক্রিয় সদস্য পদ। ২৯ বছর বয়সেই দলের তরফে বালিগঞ্জের মতো হাই-প্রোফাইল কেন্দ্রের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি।

লড়াই যখন হেভিওয়েটদের বিরুদ্ধে

আফরিনের প্রতিদ্বন্দ্বী হিসেবে একদিকে রয়েছেন বর্ষীয়ান রাজনীতিবিদ শোভনদেব চট্টোপাধ্যায় এবং অন্যদিকে বিজেপির শতরূপা। অভিজ্ঞতার নিরিখে প্রতিপক্ষরা এগিয়ে থাকলেও, আফরিন বিশ্বাস করেন যে কঠিন লড়াইয়ের মধ্যেই জীবনের আসল আনন্দ লুকিয়ে আছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালিগঞ্জের এপ্রান্ত থেকে ওপ্রান্ত চষে ফেলছেন এই তরুণ মুখ।

২৯শে এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচনে বালিগঞ্জের ভোটাররা এই ‘নতুন রক্ত’ নাকি ‘অভিজ্ঞতা’— কাকে বেছে নেন, সেটাই এখন দেখার।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *