আজকের দিনেখেলাবিশ্বভারত

Cricket : জিম্বাবোয়েকে পেয়েই ফর্মে ফিরল টিম ইন্ডিয়া, ঈশান-তিলকের ব্যাটে সিরিজ জয় শ্রেয়সের !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা, হারারে:- ইংল্যান্ড-আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ইউরোপের মাটিতে থই পায়নি শ্রেয়স আইয়ারের দল। তবে জিম্বাবোয়েকে সামনে পেতেই জেগে উঠল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ৯০ রানের বড় ব্যবধানে জিতে ৩ ম্যাচের সিরিজ পকেটে ভরল ভারত। আর অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ পেলেন শ্রেয়স।

হারারেতে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। কিন্তু এদিন বৈভবের ব্যাটে বিস্ফোরণ দেখা যায়নি। ৯ বলে ২০ করে আউট হন তিনি। অভিষেক শর্মাও ৮ রানে ফেরেন। শ্রেয়স আইয়ার ২৫ রান করে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি।

ভারতের ইনিংস টেনে নিয়ে যান ঈশান কিষান ও তিলক বর্মা। গত এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের মালিক ঈশান এদিনও ফর্ম ধরে রাখেন। ৪৪ বলে ৮১ রান করেন তিনি, মারেন ৯টি চার ও ২টি ছক্কা। অন্যদিকে তাণ্ডব চালান তিলক বর্মা। ২৯ বলে অপরাজিত ৬০ রানের ইনিংসে আসে ৫টি চার ও ৩টি ছক্কা। শেষে ৫ উইকেট হারিয়ে ২১৯ রানের বড় স্কোর তোলে ভারত।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট ১৯ বলে ৩২ রান করে কিছুটা লড়াই করেন। কিন্তু এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। অধিনায়ক সিকান্দর রাজা খাতা খুলতে পারেননি। ওয়েসলি মাধেভেরে করেন ২৪ রান। শেষমেশ ১৭.৫ ওভারে ১২৯ রানে অলআউট হয় জিম্বাবোয়ে।

বল হাতে জ্বলে ওঠেন অভিষেক শর্মা। ৩টি উইকেট নেন তিনি। অভিষেকেই নজর কাড়েন যশ ঠাকুর, নেন ২টি উইকেট। ২টি উইকেট পান প্রিন্স যাদবও। গম্ভীরের বদলে এই সিরিজে কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ। নতুনদের সুযোগ দেওয়ার পাশাপাশি অতি পরীক্ষা-নিরীক্ষাও করেননি তিনি। এদিন অর্শদীপের বদলে অভিষেক হয় যশ ঠাকুরের।

২ ম্যাচে জয় পেয়ে সিরিজ নিজেদের করে নিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে হারের জ্বালা হয়তো পুরোপুরি মিটবে না, তবে জিম্বাবোয়ের বিরুদ্ধে এই জয়ে কিছুটা স্বস্তি পাবেন শ্রেয়স ও গোটা দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *