‘তৃণমূলের জঙ্গলরাজ মেয়ে ছিনিয়ে নিয়েছে’, আরজিকর নিয়ে গর্জে উঠলেন প্রধানমন্ত্রী
কিউ ইন্ডিয়া বাংলা, সোদপুর: পানিহাটির অমরাবতী মাঠের জনসভা থেকে আজ এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল বঙ্গ রাজনীতি। সভা শুরু হতেই পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী, তথা আর জি করের নির্যাতিতার মা রত্না দেবনাথের মাথায় হাত রেখে আশীর্বাদ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর হাত ধরেই উপস্থিত জনতার কাছে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এই মঞ্চ থেকেই আর জি কর কাণ্ড এবং নারী নিরাপত্তা ইস্যুতে রাজ্য সরকারকে কড়া ভাষায় বিঁধলেন প্রধানমন্ত্রী।
‘তৃণমূলের জঙ্গলরাজ মেয়ে ছিনিয়ে নিয়েছে’
এদিন আর জি করের নির্যাতিতার মায়ের যন্ত্রণাকে হাতিয়ার করে তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন মোদি। তিনি বলেন: “এই মা তাঁর মেয়েকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলেন। কিন্তু তৃণমূলের জঙ্গলরাজ সেই মেয়েকে ছিনিয়ে নিয়েছে। আমরা বিচার পাইয়ে দিতে তাঁর মাকে প্রার্থী করেছি। বাংলার নারীশক্তি এবার যোগ্য জবাব দেবে।”
নারী নির্যাতনের ফাইল খোলার হুঁশিয়ারি
রাজ্যের শাসকদলকে ‘নারীবিরোধী’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রীর গ্যারান্টি, আগামী ৪ মে-র পর বাংলায় পরিস্থিতি বদলে যাবে। তিনি প্রতিশ্রুতি দেন যে, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে নারী নির্যাতনের যত মামলা রহস্যজনকভাবে বন্ধ হয়ে গিয়েছে বা ধামাচাপা দেওয়া হয়েছে, সেই সব ফাইল ফের খোলা হবে। অপরাধীরা কেউ পার পাবে না।
প্রথম দফার রেকর্ড ভোট নিয়ে প্রতিক্রিয়া
বৃহস্পতিবার রাজ্যের প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯২.৭১ শতাংশ ভোট পড়েছে। স্বাধীনতার পর এই সর্বকালীন রেকর্ড ভোটদানের হার নিয়ে মোদি বলেন: “ভোটের এই জোয়ার দেখে তৃণমূল নেতারা আজ হতচকিত। প্রদীপ নেভার আগে যেমন দপ করে জ্বলে ওঠে, তৃণমূলের অবস্থাও এখন ঠিক তেমন। রাজ্যে এবার বিজেপির সরকার গঠন নিশ্চিত।”
সরগরম পানিহাটির ভোট ময়দান
পানিহাটি বিধানসভা কেন্দ্রে এবার আর জি করের নির্যাতিতার মাকে প্রার্থী করে বিজেপি যে মাস্টারস্ট্রোক দিয়েছে, আজকের প্রধানমন্ত্রীর সভা তা আরও স্পষ্ট করে দিল। প্রার্থীর হাত ধরে মোদির আবেদন এবং ‘জঙ্গলরাজ’ অবসানের ডাক— এই দুই ইস্যুকেই কেন্দ্র করে এখন সরগরম সোদপুর তথা উত্তর ২৪ পরগনার রাজনৈতিক আবহাওয়া।
এদিন অমরাবতী মাঠে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীর এই সফর দ্বিতীয় দফার ভোটের আগে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
