Arjun Singh-Kundan Singh : গণনার আগের দিন নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে চলল গুলি !
কিউ ইন্ডিয়া বাংলা:-আগামীকাল রাজ্যে বিধানসভা ভোটের গণনা । তার আগে নোয়াপাড়ায় চললে গুলি। জানা গিয়েছে, বিজেপি নেতা অর্জুন সিং ঘনিষ্ঠ কুন্দন সিংয়ের বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে । ঘটনায় তৃণমূলকে নিশানা করেছেন নোয়াপাড়া বিধানসভার বিজেপির প্রার্থী অর্জুন সিং।
সূত্রের খবর ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সম্পাদক কুন্দন সিংয়ের বাড়িতে হামলা হয়। গারুলিয়া পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের দানবাড় সাউথ রোডের বাড়িতে স্কুটি করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা । শনিবার গভীর রাতে এই দুঃসাহসিক ঘটনা ঘটায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন । ঘটনায় নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা কুন্দন সিং। অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুন্দন সিং জানান, ‘নোয়াপাড়ায় থানায় এফআইআর দায়ের করেছি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই গুলি চালায়। মূর্খের স্বর্গে বাস করছে তৃণমূল, ভাবছে ভয় দেখিয়ে কাউন্টিং-এ যাওয়া আটকাবে।’ তিনি আরো জানান, পুলিস যদি সঠিক তদন্ত না করে, তাহলে NIA-এর দ্বারস্থ হবেন।
বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, কুন্দন সিং-এর বাড়িতে রাত ১২টার পর হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। তাঁর দাবি, সোমবার ভোটের কাউন্টিং-এ যাতে বিজেপির কর্মীরা না যায়, একপ্রকার ভয় দেখানোর জন্য এই হামলা চালায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নির্দেশে। যদিও এই বিষয়ে তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
