আজকের দিনেবাংলার আয়নারাজনীতি

CM-WB : বাড়তি নিরাপত্তা নিতে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরিবার !

ভালোবাসা ছড়িয়ে দাও

কিউ ইন্ডিয়া বাংলা:- গতকাল ৯ মে শপথ নেওয়ার পর রাতেই কাঁথিতে পৌঁছন বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি যে বাড়িতে রয়েছেন, স্বভাবতই তার বাইরে কড়া নিরাপত্তা বলয় দেখা যায়। কিন্তু কাঁথির শান্তিকুঞ্জের সামনে নেই অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপ। গতকাল শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে গার্ডরেল দেওয়া হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু অধিকারী পরিবারের অনুরোধে পরে সেই গার্ডরেল সরিয়ে দেওয়া হয়।

গতকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মেগা শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। বঙ্গে প্রথমবার সরকার গঠন করেছে বিজেপি। আর সেই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি ছাড়াও গতকাল ব্রিগেডে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আরও ৫ জন। তাঁরা হলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু। শপথ নেওয়ার দিন রাতেই কাঁথির বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বাড়িতে পৌঁছনোর আগে থেকেই রাস্তায় ছিল বিজেপি কর্মী-সমর্থকদের ভিড়। সকলেই নতুন মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে ভিড় জমিয়েছিলেন। শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন।

বাংলার নতুন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছাতে গিয়ে কোনওরকম কড়া নিরাপত্তা বেষ্টনী পার করতে হয়নি আগত মানুষদের । বরং সকাল থেকে সাবলীল ভাবেই মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তায় গাড়ি, সাইকেল, বাইক চলাচল করছে। পায়ে হেঁটেও অনেকে যাতায়াত করছেন। কোনও রকম কড়াকড়ি নেই। এমনকী যে গার্ডরেল গত রাতে লাগানো হয়েছিল পুলিশকে তা সরিয়ে দিতেও বলা হয়েছে অধিকারী পরিবার থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *