Ajit Doval Visits Beijing : অরুণাচলে চিনা আগ্রাসনের আবহেই বেজিং সফরে ডোভাল, ওয়াং ই-র সঙ্গে হাই-ভোল্টেজ বৈঠক !
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- সীমান্তে ফের উত্তেজনা! অরুণাচলে চিনা আগ্রাসনের অভিযোগের মাঝেই বেজিং উড়ে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন তিনি। এলএসি-তে স্থায়ী সমাধানই এই বৈঠকের মূল লক্ষ্য।(Ajit Doval Visits Beijing)
জানা গিয়েছে, সোমবার বেজিংয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন ডোভাল। মঙ্গলবার ওয়াং ই-র সঙ্গে ২৫তম ‘স্পেশাল রিপ্রেজেন্টেটিভ’ বৈঠকে বসবেন তিনি। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ও যোগাযোগের রাস্তা খোলা রাখতেই এই উচ্চপর্যায়ের বৈঠক।
২০০৩ সালে ভারত-চিন সীমান্ত সমস্যা মেটাতে তৈরি হয়েছিল এই বিশেষ কাঠামো। ভারতের সঙ্গে চিনের ৩৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের বিবাদ দীর্ঘদিনের। দীর্ঘ ২২ বছর ধরে আলোচনা চললেও মেলেনি স্থায়ী সমাধান।(Ajit Doval Visits Beijing)
এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে। স্থানীয়দের অভিযোগ, অরুণাচলের কিছু এলাকায় চিনা সেনা ঢুকে পড়েছে এবং আগ্রাসন চালাচ্ছে। এই ইস্যুতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সরব হয়েছেন তাঁরা।
পাল্টা জবাবে চলতি মাসেই ড্রাগনের চোখে চোখ রেখে বড় কূটনৈতিক পদক্ষেপ করেছে দিল্লি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করে ভারত সরকারের সার্ভে অফ ইন্ডিয়ার তরফে নতুন মানচিত্র প্রকাশ করা হয়েছে। নির্দিষ্ট পদ্ধতি মেনে এলএসি সংলগ্ন চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গা ও সেখানকার বৈশিষ্ট্য চিহ্নিত করে নামবদল করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অংশ নেওয়ার কথা রয়েছে। কূটনৈতিক মহলের আশা, তার আগেই ডোভালের এই সফর মোদি-জিনপিং দ্বিপাক্ষিক বৈঠকের প্রেক্ষাপট তৈরি করে দেবে।(Ajit Doval Visits Beijing)
