আজকের দিনেতিলোত্তমাবাংলার আয়না

ABHISHEK OFFICE : ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের শুনানি নিম্ন আদালতে হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের

কিউ ইন্ডিয়া বাংলা, কলকাতা:- ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (ABHISHEK OFFICE) ক্যামাক স্ট্রিটের দলীয় দফতর খালি করার মামলা ফের নিম্ন আদালতে। দ্রুত নিষ্পত্তির জন্য সিটি সিভিল কোর্টকে সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।

বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি সন্দীপকুমার দে-র ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, (ABHISHEK OFFICE) এই বিষয়ে বিস্তারিত শুনানি প্রয়োজন, তাই নিম্ন আদালতেই সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। হাই কোর্ট নির্দেশ দিয়েছে, পুজোর ছুটি শেষ হয়ে আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর ১৫ দিনের মধ্যে বাড়ি মালিকের (ABHISHEK OFFICE) নোটিসকে কেন্দ্র করে ‘ইনজাংশন’ বা ‘স্টেটাস কো’ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তি করতে হবে।

এর আগে সিটি সিভিল কোর্টের বিচারপতি সুধীর কুমার নির্দেশ দিয়েছিলেন, মূল মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিতে ‘স্টেটাস কো’ বজায় থাকবে। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা করেন বাড়ির মালিক।

৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অভিষেকের দফতর। গত ২৭ অগস্ট সেখান থেকে বিলবোর্ড খুলতে গিয়ে পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক অনুগামীদের বচসা ও পুলিশের সঙ্গে হাতাহাতির অভিযোগ ওঠে। সেই মামলায় হাই কোর্ট হস্তক্ষেপ না করায় তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়েছে। এর মধ্যে দমকল বিভাগ ভবনের অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয় জানিয়ে মালিককে নোটিস পাঠায়, তার পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। গত ১১ সেপ্টেম্বর দমকলের নোটিসের উপর বিচারপতি কৃষ্ণ রাওয়ের একক বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল।

সম্পত্তির মালিক রামাদেবী গোয়েনকার আইনজীবী সাগ্নিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ২০২০ সালের ১ মার্চ যুব তৃণমূলের সঙ্গে ১০ বছরের লিজ চুক্তি হয়, তৃণমূলের তরফে সই করেন দেবরাজ চক্রবর্তী। চুক্তিতে বলা ছিল মালিকপক্ষ শংসাপত্র (সিসি) দেবে, তার পর দফতর পাবে তৃণমূল। মালিকপক্ষ সিসি দিতে পারেনি, তা সত্ত্বেও ‘জোরজবরদস্তি’ দখল নেওয়া হয়েছে। অভিযোগ খারিজ করে অভিষেক শিবিরের পাল্টা দাবি, শাসকদলের প্ররোচনাতেই তাঁদের উৎখাত করার চেষ্টা চলছে।

আপাতত স্থিতাবস্থার বিষয়টি নিম্ন আদালতেই নির্ধারিত হবে। পুজোর পর ১৫ দিনের মধ্যে শুনানি শেষ করার নির্দেশে মামলার গতি বাড়ল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *