আজকের দিনেখেলা

LAXMI RATAN SHUKLA : ইরানি কাপে বড় দায়িত্বে লক্ষ্মীরতন, পন্থের অবশিষ্ট ভারতের ব্যাটিং কোচ হচ্ছেন বাংলার কোচ

কিউ ইন্ডিয়া বাংলা, স্পোর্টস ডেস্ক:– বাংলা থেকে জাতীয় স্তরে বড় উত্তরণ লক্ষ্মীরতন শুক্লার (LAXMI RATAN SHUKLA) । চলতি বছর ইরানি কাপে অবশিষ্ট ভারত দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেতে চলেছেন বাংলার কোচ। নেতৃত্বে থাকবেন ঋষভ পন্থ।

ইরানি কাপে আগের মরসুমের রঞ্জি জয়ী দলের বিরুদ্ধে খেলে অবশিষ্ট ভারত। সেই হিসাবে এ বার প্রতিপক্ষ জম্মু-কাশ্মীর। ম্যাচ হবে ১ থেকে ৫ অক্টোবর, শ্রীনগরের শের-এ-কাশ্মীর স্টেডিয়ামে।

সূত্রের খবর, এ বার অবশিষ্ট ভারত দলে কোনও প্রধান কোচ থাকবে না । ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাচ্ছেন লক্ষ্মীরতন শুক্লা (LAXMI RATAN SHUKLA ) এবং বোলিং কোচ হিসেবে ওড়িশা ও ভারতের প্রাক্তন পেসার দেবাশিস মোহান্তি। তাঁরাই যৌথভাবে দল সামলাবেন। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি, তবে লক্ষ্মীর (LAXMI RATAN SHUKLA ) দায়িত্ব পাওয়া পাকা বলেই খবর, ঘোষণা শুধু সময়ের অপেক্ষা।

চলতি রঞ্জি মরসুমে লক্ষ্মীর কোচিংয়ে বাংলা ভাল পারফর্ম করেছে। সেই সাফল্যের সুবাদেই জাতীয় স্তরে এই সুযোগ বলে মনে করা হচ্ছে।

এ বারের অবশিষ্ট ভারত দলের অধিনায়ক ঋষভ পন্থ, সহ-অধিনায়ক সরফরাজ খান। দলে বাংলার তিন ক্রিকেটার সুদীপ ঘরামি, আকাশদীপ ও মুকেশ কুমার রয়েছেন। তবে আকাশদীপকে খেলতে হলে চিকিৎসকদের ছাড়পত্র পেতে হবে।

রাজ্য দল থেকে সরাসরি অবশিষ্ট ভারতের ড্রেসিংরুমে, লক্ষ্মীরতনের জন্য এটি বড় স্বীকৃতি এবং বাংলার কোচিং সার্কিটের জন্যও ইতিবাচক বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *