৯৬ বছরে নজির: বিশ্বকাপে প্রথমবার ভিনদেশে খেলতে নামছে আয়োজক কানাডা
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক:- ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবার ঘটছে অভূতপূর্ব ঘটনা। প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েও বিদেশের মাটিতে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছে কানাডা। ভারতীয় সময় রবিবার রাতেই লস অ্যাঞ্জেলেসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নকআউট পর্বের ম্যাচে এই নজির গড়বে তারা।
২০২৬ ফিফা বিশ্বকাপে এবার অনেক কিছুই প্রথম। তিন দেশের যৌথ আয়োজন, ৪৮ দলের প্রতিযোগিতা— এসবের সঙ্গে যোগ হল আরও এক নতুন ইতিহাস। আগে কোনও বিশ্বকাপেই আয়োজক দেশ নিজের দেশের বাইরে ম্যাচ খেলেনি। ২০০২ সালে জাপান-দক্ষিণ কোরিয়া যৌথ আয়োজক হলেও দুই দেশই নিজেদের সব ম্যাচ দেশের মাটিতেই খেলেছিল।
এবার সূচি তৈরির সময় তিন আয়োজক দেশকে নিজ নিজ গ্রুপে সম্ভাব্য চ্যাম্পিয়ন ধরা হয়েছিল। কানাডা ছিল গ্রুপ ‘বি’-তে। নিয়ম অনুযায়ী, গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অফ ৩২-এর ম্যাচ ভ্যাঙ্কুভারে খেলত। কিন্তু কানাডা রানার্স হওয়ায় তাদের খেলতে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে। আর গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড খেলবে ভ্যাঙ্কুভারে।
সূচি অনুযায়ী কোয়ার্টার ফাইনাল থেকে সব ম্যাচ হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। ফলে শেষ আটে উঠলে কানাডা ও মেক্সিকোকে দেশের বাইরে খেলতেই হত। তবে কানাডা তার আগেই নকআউটের প্রথম ম্যাচে বিদেশের মাঠে নামছে।
বিশ্বকাপের কাঠামো বদলের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে বহু পুরনো রেকর্ডও। তিন দেশের আয়োজনে সুবিধা-অসুবিধা দুই-ই আছে। তবে কানাডার এই ‘বিদেশ যাত্রা’ ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। এখন দেখার, ভিনদেশের মাটিতে আয়োজকরা কতদূর যায়।
