বেলডাঙা কাণ্ডে হাইকোর্টে রিপোর্ট পেশ করলো এনআইএ , কোন পথে এগোচ্ছে তদন্ত ?
কিউ ইন্ডিয়া বাংলা:- মুর্শিদাবাদের বেলডাঙায় ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের রহস্যমৃত্যুর পরে গত জানুয়ারিতে ব্যাপক গোলমাল বেধেছিল। ঘটনায় তদন্তের অগ্রগতির কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল এনআইএ। গতকাল ৫ ই মে মঙ্গলবার জাতীয় তদন্তকারী সংস্থার তরফে মুখবন্ধ খামে ওই রিপোর্ট জমা দেওয়া হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলায় ইউএপিএ ধারা প্রয়োগ করার এনআইএ–র সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এর আগে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্যের তৃণমূল সরকার।
দেশের শীর্ষ আদালত এই মামলায় হস্তক্ষেপ না করে বিষয়টি ফেরত পাঠায় হাইকোর্টে। পরবর্তীতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় তদন্তে অগ্রগতির রিপোর্ট দিতে হবে। তার সঙ্গে জানাতে হবে কেন বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ প্রয়োগ কেন জরুরি ? আদালতের নির্দেশ মতো এ দিন রিপোর্ট–সহ নিজেদের বক্তব্য হাইকোর্টে পেশ করে তদন্তকারী সংস্থা।
আদালত জানায়, সম্পূর্ণ রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে । দু’সপ্তাহ পরে হবে শুনানি হবে এই মামলার জানানো হয়েছে। একই সঙ্গে আদালত জানায়, বেলডাঙার ওই ঘটনায় এনআইএ–র তদন্ত এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা নেই। ইউএপিএ প্রয়োগ নিয়ে আগের সরকার নীতিগত আপত্তি জানিয়ে শীর্ষ আদালতে গেলেও আগামী দিনে রাজ্যের নতুন বিজেপি সরকার সে ব্যাপারে কী অবস্থান নেয়, তাও বোঝা যাবে আগামী শুনানিতে।
বেলডাঙার অশান্তির ঘটনা এনআইএ তদন্তভার নেয় আদালতের নির্দেশেই । কয়েক জন অভিযুক্তকে আগেই গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ। পরে তাঁদের হেফাজতে নেয় এনআইএ। সেই ধৃতদের মধ্যে কিছুজনকে এনআইএ–র বিশেষ আদালত জামিনে মুক্তি দিয়েছে।
