পালাবদলে ‘ত্রাস’ জাহাঙ্গীর পলাতক, স্বস্তির হাওয়ায় ঘরে ফিরছেন ফলতার ঘরছাড়া মানুষ
কিউ ইন্ডিয়া বাংলা , নিজস্ব প্রতিনিধি:- রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই গা ঢাকা দিয়েছেন ফলতার ‘ত্রাস’ জাহাঙ্গীর খান ও তার কুখ্যাত ‘বাইক বাহিনী’। বছরের পর বছর ঘরছাড়া থাকার পর এবার ধীরে ধীরে নিজেদের ভিটেয় ফিরতে শুরু করেছেন ফলতার আতঙ্কিত বাসিন্দারা। তবে জাহাঙ্গীর পলাতক হলেও এলাকায় এখনও পর্যন্ত কাটেনি ভয়ের পরিবেশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর খান ও তার অনুগামীরা দীর্ঘদিন ধরে ফলতায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। বিরোধীদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, ব্যবসায়ীদের থেকে তোলা আদায় এবং হুমকি দেওয়া ছিল তাদের নিত্যদিনের কাজ। তোলা না দিলে বন্ধ করে দেওয়া হতো ব্যবসা, দখল হয়ে যেত দোকান। এখানেই শেষ নয়। মহিলাদের হুমকি ও অত্যাচারের অভিযোগও দীর্ঘ। স্থানীয়দের দাবি, জাহাঙ্গীরের বিরুদ্ধে মুখ খুললেই তুলে নিয়ে যাওয়া হতো দলীয় কার্যালয়ে। সেখানে চলত মারধর, নির্যাতন।
ফলতার বিশেষ অর্থনৈতিক অঞ্চলেও পড়েছিল তোলাবাজির ছায়া। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন বহু শ্রমিক। প্রাণ বাঁচাতে ঘর ছাড়তে বাধ্য হন বহু পরিবার।
রাজনৈতিক পালাবদলের পর ঘরছাড়ারা ঘরে ফিরতে শুরু করলেও আতঙ্ক পুরোপুরি কাটেনি ফলতায়। এই পরিস্থিতির মধ্যেই আগামী ২১ মে ফলতায় পুনর্নির্বাচন। সেই ভোটে শাসকদলের প্রার্থী খোদ জাহাঙ্গীর খান। পলাতক ‘ত্রাস’ আদৌ ভোটের আগে এলাকায় পা রাখবেন কি না, তা নিয়ে জোর জল্পনা ফলতাজুড়ে। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেললেও, ঘরছাড়াদের চোখে-মুখে প্রশ্ন, স্থায়ী শান্তি ফিরবে তো?
