IPL-Cricket : ওয়াংখেড়েতে ঘরের দল মুম্বাইকে বড় ব্যবধানে হারালো চেন্নাই সুপার কিংস ……
কিউ ইন্ডিয়া বাংলা :- গুজরাটের বিপক্ষে গত ম্যাচে জয় পাওয়ার পর আজকে চেন্নাই এর বিপক্ষে ঘরের মাঠে আবার হারলো মুম্বাই । টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বুমেরাং হল হার্দিক দের। ১০৩ রানের বড় ব্যবধানে ঘরের মাঠে মুম্বাইকে পর্যুদস্ত করলো চেন্নাই সুপার কিংস। গত ম্যাচে হারার পর আবার জয়ের রাস্তায় ফিরল ঋতুরাজ – সঞ্জু স্যামসনদের দল।
আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় । শুরু থেকেই আগ্রাসে মেজাজে খেলা শুরু করে চেন্নাইয়ের দুই ওপেনার। ফর্মে না থাকা চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড এদিন ১৪ বল খেলে ২২ রান করেন। সঞ্জু স্যামসন তার খেলা চালিয়ে যেতে থাকেন। সরফরাজ খান ৮ বলে ১৪ রানে করেন। এদিন আবারো ব্যর্থ হন চেন্নাই সুপার কিংস এর অন্যতম ভরসা যাকে ফিনিশার হিসেবে দেখা হতো সেই শিবম দুবে। তার সংগ্রহ ৮ বলে ৫ রান । ডিওয়াল্ড ব্রেভিস কিছুটা চেষ্টা করেছিলেন বটে । তবে তিনি ১১ বলে ২১ রান করে আউট হন। চেন্নাইয়ের ওপেনার সঞ্জু স্যামসন ৫৪ বল খেলে ১০১ রানে অপরাজিত থাকেন। চলতি আইপিএলে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি । শেষমেষ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের হয়ে ২ টি করে উইকেট নেন আল্লাহ গজনফর ও অশ্বিনী কুমার ।
২০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাই এর প্রথম তিন ব্যাটার চূড়ান্ত ব্যর্থ হন। কুইন্টন ডি কক ৭, দানিশ মালেওয়ার (০) ও নমন ধীর (০) রানে আউট হন । সূর্য কুমার যাদব ও তিলক বর্মা মুম্বাইয়ের ইনিংসে কিছুটা স্থিরতা নিয়ে আসেন । এদের দুজনের মধ্যে ৭৩ রানের পার্টনারশিপ হয় । তিলক বর্মা ২৯ বল খেলে ৩৭ রান করে আউট হন । সূর্য কুমার যাদবের সংগ্রহ ৩০ বলে ৩৬ । এরপর মুম্বাইয়ের কোন ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন নি । গুরুত্বপূর্ণ পর্যায়ে হার্দিক পান্ডিয়া, শেরফান রাদারফোর্ড বাজেভাবে আউট হন । এদের দুজনকেই আউট করেন নূর আহমেদ । ম্যাচের ২০ ওভার শেষ হওয়ার আগে ১৯ ওভারে ১০৪ রানে অলআউট হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ানস। চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন । ২ টি উইকেট পান নুর আহমেদ ।
