ইরানের ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে কী জানালেন FIFA প্রেসিডেন্ট?
কিউ ইন্ডিয়া বাংলা :- আর মাত্র দুই মাস বাকি এর পরে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ l পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সংশয় ছিল। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরোক্ষ ভাবে হুঁশিয়ারিও দিয়েছিলেন ইরানকে বিশ্বকাপ খেলতে না আসার। ইরান একসময়ে বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিলো l এই আবহে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্ট ভাবে জানিয়েছেন ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ করা সুনিশ্চিত l
গত ১৫ ই এপ্রিল বুধবার এক ইভেন্টে এই নিয়ে মুখ খোলেন জিয়ান্নি ইনফান্তিনো। ইরানের উপরে আমেরিকা ও ইজরায়েলের হামলার পরেও বিশ্বকাপে তাদের অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, এমনটাই জানালেন FIFA প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইরান নিশ্চিতভাবেই বিশ্বকাপে খেলতে আসছে। আশা করি তখন পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ হবে। সেটা অবশ্যই কার্যকরী হবে। কিন্তু ইরানকে আসতেই হবে। ফুটবলাররা গোটা দেশের প্রতিনিধিত্ব করেন। তাই কোয়ালিফাই করার পরে বিশ্বকাপে খেলার সুযোগ হারাতে চায় না কেউই।’ সপ্তাহ দুয়েক আগে তুরস্কের আনাতোলিয়ায় ইরানের জাতীয় ফুটবল দলের সঙ্গে দেখা করেন ইনফান্তিনো। সেই অভিজ্ঞতা ভাগ করে নেন তিনি l বুধবারের এই ইভেন্টে উপস্থিত হয়ে তিনি বলেন ” ‘আমি ওদের সঙ্গে দেখা করেছি। ইরান দারুণ দল। ওরা সত্যিই খেলতে চায় এবং সেটাই উচিত। খেলাধুলোর মধ্যে রাজনীতি টেনে আনা ঠিক নয়।’ তবে বাস্তব পরিস্থিতির কথাও স্বীকার করেছেন FIFA সভাপতি। সবসময় যে খেলা ও রাজনীতিকে আলাদা রাখা যায় না, সেটাও মেনে নিলেন।
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজনের দায়িত্বে রয়েছে আমেরিকা, ক্যানাডা এবং মেক্সিকো। সূচি অনুযায়ী, ইরান তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে দুটো খেলবে ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে এবং একটি ম্যাচ সিয়াটলে। ইরান না খেললে জল্পনা উঠেছিল ইতালির অংশগ্রহণ নিয়ে , তবে ফিফা সভাপতির ঘোষণায় সেই জল্পনায় ইতি ঘটলো l
