জয়ের খোঁজে চেন্নাই এর ডেরায় রাহানের কলকাতা
কিউ ইন্ডিয়া বাংলা:- আইপিএল ২০২৬ এ নিজেদের প্রথম ৩ টি ম্যাচ হারার পর চতুর্থ ম্যাচে দিল্লির বিপক্ষে ২৩ রানে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। আজ চিপকে তাদের ঘরের মাঠে প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স, যারা এখনো এবারের আইপিএলে জয়ের মুখ দেখেনি। দল জয়ে ফেরায় চেন্নাই দলের ড্রেসিংরুমের গুমোট পরিবেশ কেটে গেছে । আজকে কলকাতাকে হারিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার লড়াইয়ে নামবে ঋতুরাজ গায়কোয়াডের দল।
চেন্নাই সুপার কিংস গত ম্যাচে দিল্লির বিপক্ষে জয় পেয়েছিল। আর এই জয়ে অন্যতম ভূমিকা পালন করেছিলেন সঞ্জু স্যামসন। প্রথম দিকের ম্যাচ গুলিতে তিনি একদম রান পাচ্ছিলেন না যার কারণে চেন্নাই ভালো শুরু করতে পারছিল না । এমনকি সঞ্জুকে সমালোচনার মুখে পড়তে হয়েছিল । গত ম্যাচে তিনি সেঞ্চুরি করে সমালোচকদের জবাব দিয়েছেন। যা কলকাতার বিরুদ্ধে নামার আগে তাকে এবং তার দলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। এছাড়া আয়ুশ মাত্রে ও সরফরাজ খান এর ফর্ম দলকে স্বস্তি দেবে। অধিনায়ক ঋতুরাজ এর ব্যাটে রান আসা বাকি তিনি ফর্মে ফিরলে চেন্নাই এর ব্যাটিং আরো শক্তিশালী হবে। এই ম্যাচেও ক্যাপ্টেন কুল ধোনিকে পাবে না চেন্নাই। চেন্নাই এর গত ম্যাচে দারুন বোলিং করেছেন জেমি ওভারটন ও অংশুল কাম্বোজ। আজকেও তাদের দিকে উইকেটের জন্য তাকিয়ে থাকবে দল।
অপরদিকে কলকাতা নাইট রাইডার্স এখনো তাদের প্রথম জয়ের খোজ করছে। গত ম্যাচে লখনউ এর বিপক্ষে জয়ের কাছাকাছি এসেও তাদেরকে হারতে হয়েছিল। ইতিমধ্যে চারটি ম্যাচ হয়ে গেছে এখনো জয়ের দেখা পায়নি তারা। তবে তাদের দলের জন্য অন্যতম খুশির খবর মাথিশা পাথিরানা শ্রীলঙ্কান বোর্ড থেকে খেলার ছাড়পত্র পেয়ে গেছেন তবে তাকে ম্যাচে ব্যবহার করা হবে না সেই সিদ্ধান্ত এখন ম্যানেজমেন্ট এর ওপর। দলের অন্যতম নির্ভরযোগ্য বোলার বরুণ চক্রবর্তী আঙুলের চোট কাটিয়ে আজকে ম্যাচে ফিরছেন। বরুণ ও সুনীল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ভালো ভূমিকা নিতে পারেন । অতীতে চেন্নাই এর মাটিতে তারা সফলতা পেয়েছেন। কলকাতার ব্যাটিংয়ে বেশ কিছু চিন্তার বিষয় রয়েছে। ফিন অ্যালেন ঝড়ের গতিতে ইনিংস শুরু করলেও তাকে বড় রানে পরিবর্তন না করতে পারা, অধিনায়ক রাহানের ব্যাটে ধারাবাহিকতার অভাব , ক্যামেরন গ্রিন এর নিজস্ব ছন্দে খেলতে না পারা এই সমস্যা গুলির সমাধান বের করতে হবে। যদিও গত ম্যাচে ফর্মে ফেরার কিছুটা ইঙ্গিত দেখা গিয়েছিল তার মধ্যে। আজকে গ্রিন এর ব্যাট থেকে বড় রানের অপেক্ষায় নাইট রাইডার্সের সমর্থকরা।
এখন দেখার বিষয় গত কয়েকটি ম্যাচে জয়ের ধারা এই ম্যাচে চেন্নাই সুপার কিংস বজায় রাখতে পারে কি না ?
