বিশ্বসেরা চীনা “হিউম্যানয়েড রোবট” এখন মিলছে ভাড়ায়!
কিউ ইন্ডিয়া বাংলা, নিউজ ডেস্ক: হিউম্যানয়েড অর্থাৎ মানুষের মতো দেখতে রোবট তৈরিতে বর্তমানে বিশ্ববাজারে আধিপত্য বিস্তার করছে চীন। শত শত কোটি ডলার বিনিয়োগ এবং শক্তিশালী উৎপাদন ব্যবস্থার ওপর ভর করে দেশটিতে এই খাতের দ্রুত বিকাশ ঘটছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কারখানা, অফিস বা বাসাবাড়িতে মানুষের বিকল্প হিসেবে কাজ করার জন্য বর্তমান প্রযুক্তি এখনও পুরোপুরি পরিপক্ক নয়। ফলে চীনে এখন হিউম্যানয়েড রোবট বিক্রির চেয়ে তা ভাড়ার দেওয়ার ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
তুঙ্গে রোবট ভাড়ার ব্যবসা:
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে চীনে হিউম্যানয়েড রোবট ভাড়ার চাহিদা আকাশছোঁয়া। বিভিন্ন বাণিজ্যিক প্রদর্শনী, প্রচারমূলক অভিযান, করপোরেট অনুষ্ঠান, এমনকি বিয়ের প্রস্তাবের মতো বিশেষ ইভেন্টে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এই রোবটগুলো ভাড়া নেওয়া হচ্ছে। প্রতিদিনের জন্য একটি রোবটের ভাড়া প্রায় চীনা মুদ্রায় ৩,০০০ থেকে ৩,৫০০ ইউয়ান । অনেক ক্ষেত্রে রোবট পরিচালনার জন্য সাথে একজন দক্ষ অপারেটরও দেওয়া হয়। সরকারি তথ্যমতে, চীনে ইতিমধ্যেই ১,৫৩,০০০-এরও বেশি রোবট ভাড়ার ব্যবসা নিবন্ধিত হয়েছে।
উৎপাদন লাইনে অবদান এখনও কম:
বাজার গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, চীনে বর্তমানে ১৪০টিরও বেশি কোম্পানি হিউম্যানয়েড রোবট তৈরিতে কাজ করছে, যা বিশ্বে সর্বোচ্চ। দেশটির উন্নত বৈদ্যুতিক যানবাহন (EV) শিল্প এবং শক্তিশালী সাপ্লাই চেইনের কারণে রোবট তৈরির খরচ অনেকটাই কম। তবে শীর্ষস্থানীয় চীনা উৎপাদকরাই স্বীকার করেছেন যে, বর্তমানে তৈরি হওয়া বেশিরভাগ রোবটই কেবল গবেষণা প্রতিষ্ঠান এবং শিক্ষা খাতে বিক্রি হচ্ছে। বিভিন্ন শিল্পকারখানার মূল উৎপাদন লাইনে এদের ব্যবহার এখনও ১০ শতাংশেরও কম।
সরকারের মেগা পরিকল্পনা ও ভবিষ্যৎ সম্ভাবনা:
প্রযুক্তিগত প্রতিবন্ধকতা থাকলেও চীন সরকার একে ভবিষ্যতের একটি প্রধান কৌশলগত প্রযুক্তি হিসেবে দেখছে। হ্রাসমান কর্মক্ষম জনসংখ্যা এবং ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধির মোকাবিলা করে উৎপাদনশীলতা বাড়াতে রোবটের ওপর ভরসা রাখছে বেইজিং। সেই লক্ষ্যে এ বছর একটি দেশব্যাপী কর্মসূচি চালু করা হয়েছে, যার অধীনে বছরের শেষ নাগাদ ১০০টিরও বেশি উচ্চ-মূল্যের ব্যবহারিক ক্ষেত্রে হিউম্যানয়েড রোবট মোতায়েন করা হবে। এই খাতে আমেরিকা, জাপান বা ইউরোপের চেয়ে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকাই চীনের মূল লক্ষ্য।
বিশ্বখ্যাত বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলির অনুমান, ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে প্রায় ১০০ কোটি (১ বিলিয়ন) হিউম্যানয়েড রোবট ব্যবহৃত হতে পারে এবং এই বৈশ্বিক শিল্পের বাজার ৫ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে এর ব্যাপক বাণিজ্যিক ও ব্যবহারিক রূপ দেখতে বিশ্বকে আগামী দশকের পর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
